Homeস্পোর্টসবাটলারের ক্যান্সারের খবরে বিষণ্ন বাংলাদেশের মেয়েরা

বাটলারের ক্যান্সারের খবরে বিষণ্ন বাংলাদেশের মেয়েরা

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে চট্টগ্রামে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন। সেই প্রস্তুতির মধ্যেই হঠাৎ আসা একটি খবরে যেন থমকে গেছে পুরো দল। ক্যান্সারে আক্রান্ত প্রধান কোচ পিটার বাটলার। যার হাত ধরে আন্তর্জাতিক ফুটবলে একের পর এক সাফল্য পেয়েছেন বাংলাদেশের মেয়েরা, সেই মানুষটির অসুস্থতার খবর মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। মাঠের লড়াইয়ে যতই দৃঢ় থাকুন, প্রিয় কোচের এমন দুঃসংবাদে আবেগ সামলাতে পারছেন না ফুটবলাররা।

বাটলারের অসুস্থতার খবরটি আগে থেকে জানতেন না জাতীয় দলের ফুটবলাররা। সংবাদমাধ্যমের খবর থেকেই বিষয়টি জানতে পারেন তারা। তাতে চট্টগ্রামে চলমান অনুশীলন ক্যাম্পে নেমে এসেছে বিষণ্নতা। সাবেক অধিনায়ক ও ডিফেন্ডার আফঈদা খন্দকার জানিয়েছেন, দলের সবাই প্রিয় কোচের সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।

চট্টগ্রামের অনুশীলন ক্যাম্প থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে আফঈদা বলেছেন, ‘আমরা সবাই মানসিকভাবে শক্ত। তারপরও খুব খারাপ লাগছে। কারণ ক্যান্সার অনেক বড় একটি রোগ। আমরা সবাই মন থেকে স্যারের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।’

বাটলারের অসুস্থতার বিষয়টি অবশ্য ফুটবলারদের কাছে প্রথমে স্পষ্ট ছিল না। হঠাৎ ইংল্যান্ডে চলে যাওয়ার পরই তারা জানতে পারেন, কোচ অসুস্থ। তবে সেটি যে ক্যান্সারের মতো গুরুতর কিছু, এমন ধারণা ছিল না কারও।

আফঈদার ভাষায়, ‘ক্যাম্প শুরুর এক-দুই দিন আগে স্যার হঠাৎ ইংল্যান্ডে চলে যান। এরপর আর অনুশীলনে আসেননি। সেদিন আমরা জানতে পারি, তিনি অসুস্থ এবং ইংল্যান্ডে কিছু পরীক্ষা করাবেন। ভেবেছিলাম, পরীক্ষার পর জানতে পারব তার কী হয়েছে। কিন্তু গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। আগে জানালে হয়তো আমরা মানসিকভাবে ভেঙে পড়তাম।’

প্রধান কোচের অনুপস্থিতিতে নারী জাতীয় দলের দায়িত্ব সামলাতে এরই মধ্যে এরিক মারেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আপাতত এক মাসের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি তদারক করবেন এই কোচ।

মারেকে নিয়োগ দেওয়ার ঘোষণার পাশাপাশি বাটলারের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে বাফুফে। অসুস্থতা কাটিয়ে ইংলিশ এই কোচ আবারও দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে বাটলারের সঙ্গে বাফুফের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। নতুন কোচের খোঁজও শুরু করেছে ফেডারেশন। ফলে তার চুক্তি নবায়নের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ নারী ফুটবলে বাটলারের অবদান অবশ্য অস্বীকার করার সুযোগ নেই। তার অধীনেই ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। এরপর প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্য আসে। অনূর্ধ্ব-২০ দলকেও প্রথমবারের মতো মহাদেশীয় বাছাইয়ের চূড়ান্ত পর্বে তুলেছিলেন তিনি। সর্বশেষ ২০২৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে তার অধীনে রানার্সআপ হয় বাংলাদেশ।

ব্যক্তিগতভাবেও বাটলারের কাছে অনেক ঋণী আফঈদা। জাতীয় দলের অস্থির এক সময়ে তাকে অধিনায়কত্ব দিয়েছিলেন ইংলিশ এই কোচ। পরে একাদশ থেকে বাদও দিয়েছিলেন। তবে পারফরম্যান্সের উন্নতি ঘটিয়ে আবারও দলে জায়গা করে নেন সাতক্ষীরার এই ফুটবলার।

সেই অভিজ্ঞতা মনে করে আফঈদা বলেছেন, ‘বাটলার স্যার না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। স্যারকে আমি সব সময় অনেক উঁচু জায়গায় রাখব। তিনি না এলে হয়তো বাংলাদেশের নারী ফুটবলেও আমরা এত কিছু অর্জন করতে পারতাম না।’

শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরো দলের খেলার ধরন বদলে দেওয়ার কৃতিত্বও বাটলারকে দিয়েছেন আফঈদা। তার মতে, ইংলিশ এই কোচ আসার আগে বাংলাদেশ মূলত রক্ষণ সামলে খেলার চেষ্টা করত। কিন্তু বাটলার দায়িত্ব নেওয়ার পর সেই মানসিকতায় পরিবর্তন আসে। হাই ডিফেন্সিভ লাইন, আক্রমণাত্মক ফুটবল এবং প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল শেখান তিনি।

আফঈদা বলেন, ‘স্যার বলতেন, আমরা যদি শুধু রক্ষণ সামলে খেলি, তাহলে প্রতিপক্ষ আমাদের চাপে রাখবে। আমরা ওদের চাপে না রাখলে পুরো ৯০ মিনিট আমাদেরই চাপের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা যদি মাঠের ওপরের দিকে উঠে খেলি, তাহলে প্রতিপক্ষও চাপে থাকবে।’

দল নির্বাচনের ক্ষেত্রেও বাটলারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন আফঈদা, ‘স্যার অনুশীলনে আমাদের বলতেন, তিনি সবার সঙ্গে ন্যায্য আচরণ করেন। তার কাছে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। সবাই সমান। যে ভালো খেলবে, সে-ই সুযোগ পাবে। কারও জায়গা নিশ্চিত নয়।’

অসুস্থতার কারণে বাটলার এখন ইংল্যান্ডে থাকলেও বাংলাদেশ দলের সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি। দূর থেকেই ফুটবলারদের খোঁজখবর রাখছেন। নিয়মিত বার্তা পাঠাচ্ছেন দলের গ্রুপে। এমনকি তাঁর দেওয়া অনুশীলন সূচি মেনেই এখনো প্রস্তুতি চলছে চট্টগ্রামে।

আফঈদা বলেন, ‘বাটলার স্যার এখানে নেই, এটা সত্যি। কিন্তু তাঁর নজর সব সময় আমাদের ওপর আছে। গ্রুপে নিয়মিত মেসেজ দেন। শারীরিকভাবে এখানে না থাকলেও আমাদের সবকিছু দেখছেন। আবুল স্যারকে অনুশীলনের সূচি পাঠিয়ে দেন। আমরা এখনো সেই সূচি অনুযায়ী অনুশীলন করছি।’

সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের প্রস্তুতি নিয়েও আশাবাদী জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জানিয়েছেন, প্রধান কোচের অনুপস্থিতিতেও অনুশীলনে কোনো ঘাটতি রাখছেন না ফুটবলাররা। কোচিং স্টাফের নির্দেশনা মেনে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশ নারী দলের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও বাটলারের ভূমিকার কথা স্মরণ করেছেন আফঈদা। ফুটবলারদের বিভিন্ন প্রয়োজনের বিষয় নিয়ে বাফুফে সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে সরাসরি কথা বলতেন ইংলিশ এই কোচ। খেলোয়াড়দের পক্ষে কথা বলতে কখনো পিছপা হতেন না তিনি।

এমন একজন কোচকে কতটা মিস করবেন, সেই প্রশ্নে আবেগ লুকাননি আফঈদা, ‘অবশ্যই স্যারকে মিস করব। মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই তাঁকে মিস করি। স্যার যেভাবে আমাদের সমর্থন দিতেন, সেটাও খুব মনে পড়ে। সবকিছু মিলিয়ে স্যারকে আমরা অনেক বেশি মিস করব।’

গত ৩১ অক্টোবর চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে তিন সপ্তাহ প্রস্তুতি নেওয়ার পর ঢাকায় ফেরার কথা তাদের। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়বে দল।
 

RELATED ARTICLES

Most Popular