ঋণখেলাপি সংক্রান্ত কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশ থাকা ঋণগ্রহীতাদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ নেওয়ার সুযোগ দিয়ে নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংককে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, খেলাপি ঋণগ্রহীতাদের নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
তবে নতুন এই নির্দেশনার ফলে কোনো ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত যদি খেলাপি সংক্রান্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে থাকেন, তবে তিনি এই প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ নিতে পারবেন।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে ঋণ দিতে পারছিল না ব্যাংকগুলো।
‘ঋণপ্রবাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি সেই ব্যবসায়ীকে সহায়তা করবে যারা প্রণোদনার ঋণ পেতে ঝামেলায় পড়ছিলেন। এর ফলে ঋণ বিতরণে গতি আসবে এবং শিল্প ও বাণিজ্য খাতে তারল্য বাড়বে,’ বলেন তিনি।
উল্লেখ্য, সংকটাপন্ন বেসরকারি খাতকে সহায়তা, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করতে গত মে মাসে বাংলাদেশ ব্যাংক এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।
ধুঁকতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা, বন্ধ কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাংকগুলো অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত মোট তহবিলের এক-পঞ্চমাংশ বা প্রায় ১২ হাজার কোটি টাকা বিতরণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করার জন্য এই প্যাকেজের আওতায় ১৫টি বিশেষ স্কিম রাখা হয়েছে।
স্বল্প সুদের এই স্কিমগুলোর মধ্যে রয়েছে—বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য পুনঃঅর্থায়ন, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য চলতি মূলধন এবং উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার তহবিল।
এছাড়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও গ্রামীণ খাতে পুনঃঅর্থায়ন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রি-শিপমেন্ট ঋণ এবং পরিবেশবান্ধব কারখানা ভবন ও সবুজ শিল্পের জন্য অর্থায়নের ব্যবস্থা রয়েছে। সৃজনশীল অর্থনীতি, চামড়া ও চামড়াজাত পণ্য এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্যও আলাদা তহবিল রাখা হয়েছে।
