Homeস্পোর্টস১২ বছরের রেকর্ড ভেঙে সোনা জিতলেন ইরফানা

১২ বছরের রেকর্ড ভেঙে সোনা জিতলেন ইরফানা

ঢাকার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনে মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ইরফানা খাতুন।

শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু সময় নিয়েছেন ৩৪.৫৭ সেকেন্ড। ২০১২ সালে দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) দুটি সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলার গড়া ৩৪.৮৫ সেকেন্ডের কীর্তি ভেঙে নতুন ইতিহাস গড়েন তিনি। এই জয়ের মধ্য দিয়ে চলমান প্রতিযোগিতার তিন দিনে মেয়েদের তিনটি ব্রেস্টস্ট্রোক ইভেন্টেই সোনা জয়ের পাশাপাশি রেকর্ড গড়লেন ইরফানা।

৩৪.৮৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন সেনাবাহিনীরই মুক্তি খাতুন। আর ৩৭.০০ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মুক্তা খাতুন।

এর আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৪৫.৪০ সেকেন্ড সময় নিয়ে ইরফানা ভেঙেছেন গত বছর রোমানা আক্তারের গড়া ২ মিনিট ৪৯.৭৫ সেকেন্ডের রেকর্ড। আর ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২০২৪ সালে রোমানারই গড়া ১ মিনিট ১৮.২৭ সেকেন্ডের রেকর্ড তিনি নিজের করে নিয়েছেন ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ড টাইমিং করে।

মেয়েদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টেও রেকর্ডের সাক্ষী হন ইরফানা। মুক্তি, সুম্মা খাতুন ও জুঁই আক্তারকে নিয়ে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর রিলে দল সময় নেয় ৯ মিনিট ৪৭.৯৯ সেকেন্ড। গত বছর নৌবাহিনী দলের করা ৯ মিনিট ৫০.০১ সেকেন্ডের আগের রেকর্ডটি ভেঙে নতুন এই কীর্তি গড়েন তারা।

পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী। তারা এখন পর্যন্ত জিতেছে ২৮টি সোনা, ১৮টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ। ১২টি সোনা, ১৮টি রুপা ও ২২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া, দুটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে বিকেএসপি।

RELATED ARTICLES

Most Popular