Homeস্পোর্টস১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

ব্যাট হাতে একের পর এক চমক দেখানো ভারতের কিশোর বৈভব সূর্যবংশী এবার নেতৃত্বেও ইতিহাস তৈরি করলেন। মাত্র ১৫ বছর বয়সেই স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়লেন তিনি।

শনিবার ইন্দোরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের হয়ে টস করতে নামার মধ্য দিয়ে এই কীর্তি গড়েন সূর্যবংশী। এদিন তার বয়স কেবল ১৫ বছর ২৩২ দিন।

এর আগে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। গত বছরের আগস্টে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেললেন ভারতের এই বিস্ময়প্রতিভা।

খুব অল্প বয়সেই ব্যাট হাতে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন সূর্যবংশী। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছে গত জুলাইয়ে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ২৯.৫০ গড় ও ১৮৫.৫৩ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২৯৫ রান। এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

এবার বিহারের অধিনায়কের দায়িত্ব পেয়ে ছোট্ট ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ের সূচনা করলেন সূর্যবংশী। তবে নেতৃত্বের অভিষেক ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। ১২ বলে ১৮ রান করে চেতন সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা।

সূর্যবংশীর ব্যর্থতার দিনে তার দলও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। ফলে এবারের টুর্নামেন্টে তাদের যাত্রা শুরু হলো হার দিয়ে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বিহারের সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান। জবাবে ২১ বল হাতে রেখেই ৫ উইকেটের অনায়াস জয় তুলে নেয় সৌরাষ্ট্র।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে আর একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সূর্যবংশী। এরপরই ভারত ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। আগামী ১৯ নভেম্বর কাতারের দোহায় শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টার্স ইমার্জিং টুর্নামেন্টে খেলতে দেখা যাবে তাকে।

RELATED ARTICLES

Most Popular