শ্রীলঙ্কাকে হারিয়ে ঘরের মাঠে দীর্ঘ ১৮ বছর পর ত্রিদেশীয় ওডিআই সিরিজের ট্রফি উঁচিয়ে ধরেছে পাকিস্তান। সব সংস্করণেই ধুঁকতে থাকা দলটির নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা হয়ে এসেছে এই সাফল্য। ফাইনালে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ প্রস্তুতির সঠিক বার্তা দেওয়ার পাশাপাশি তরুণদের দুর্দান্ত নৈপুণ্যে দারুণ উচ্ছ্বসিত দলটির অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
ম্যাচ শেষে আফ্রিদি বোলারদের পরিকল্পনা বাস্তবায়ন এবং তরুণদের সময়োপযোগী ব্যাটিংয়ের আলাদাভাবে প্রশংসা করেন।
রান তাড়ায় একপর্যায়ে চাপে পড়লেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি উপহার দেন ফখর। সিনিয়র এই ওপেনারের বড় ম্যাচের প্রভাব নিয়ে পাকিস্তান অধিনায়কের ভাষ্য, ‘আমি সবসময় বলি, ফখর যখনই রান পায়, সেটাই আমাদের জন্য বড় ম্যাচ হয়ে ওঠে।’
তবে অভিজ্ঞ ফখরের পাশাপাশি ম্যাচ জেতাতে অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে আসা তরুণদের ইতিবাচক মানসিকতা আফ্রিদিকে বেশি আশাবাদী করে তুলছে, ‘তরুণদের পারফরম্যান্স সত্যিই নজরকাড়া ছিল। পিন্ডিতে প্রথম ম্যাচ থেকেই সাদ বেগ দারুণ খেলছে। ফাইনালেও ফখর যখন কঠিন সময় পার করছিল, সাদ নিজের ওপর ঝুঁকি নিয়ে আক্রমণাত্মক খেলেছে। ব্যাট হাতে আরাফাত ও হাসান নওয়াজের অবদানও পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণ এক ইতিবাচক দিক।’
২০২৭ বিশ্বকাপের দিকে চোখ রেখে এই শিরোপা জয় দলকে ঠিক পথে রাখছে জানিয়ে শাহীন যোগ করেন, ‘তিনটি সিরিজ আগে থেকেই আমরা বিশ্বকাপ কেন্দ্রিক প্রস্তুতি শুরু করেছি। ২০০৮ সালের পর দীর্ঘ সময় আমরা কোনো ট্রাই-নেশন ট্রফি জিততে পারিনি। দীর্ঘ সময় পর এই ট্রফি জয় পুরো দলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।’
