Homeস্পোর্টস৯৩ ও ৯৭ রানে আউট, ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে পঞ্চম শাকিল

৯৩ ও ৯৭ রানে আউট, ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে পঞ্চম শাকিল

ক্রিকেটে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ নতুন কিছু নয়। তবে একই টেস্টের দুই ইনিংসেই নব্বইয়ের ঘরে পৌঁছে শতকের দেখা না পাওয়ার হতাশা যে কতটা বিরল, সেটিই নতুন করে মনে করিয়ে দিলেন সৌদ শাকিল। শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংসেই নার্ভাস নাইনটিতে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত এক তালিকার অংশ হলেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।

প্রথম ইনিংসে ১৯৯ বলে ৯৩ রান করে ফিরেছিলেন শাকিল। দ্বিতীয় ইনিংসে আক্ষেপটা আরও বেদনাদায়ক হলো। শুক্রবার ম্যাচের শেষ দিনে তিনি পৌঁছে গিয়েছিলেন ৯৭ রানে। মনে হচ্ছিল, এবার বুঝি প্রতীক্ষিত সেঞ্চুরির দেখা মিলবে। কিন্তু হাতের নাগালে থাকা সেই স্বপ্ন পূরণ হতে দেননি লঙ্কান পেসার লাহিরু কুমারা। তার বলে বোল্ড হয়ে আবারও অপূর্ণতা নিয়ে মাঠ ছাড়তে হয় শাকিলকে।

এতে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে একই ম্যাচের দুই ইনিংসেই ৯০ থেকে ৯৯ রানের মধ্যে আউট হওয়া পাকিস্তানের প্রথম ও সব মিলিয়ে পঞ্চম ব্যাটার হলেন শাকিল। এর আগে এই বিরল কিন্তু হতাশাজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন আরও চারজন— অস্ট্রেলিয়ার ক্লেম হিল, ইংল্যান্ডের ফ্রাঙ্ক উলি, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।

A rare double for Saud Shakeel pic.twitter.com/5DLCG5iE4P

১৯০২ সালে প্রথম ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছিলেন হিল। ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৯৮ ও ৯৭।  এরপর ১৯২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে উলি প্রথম ইনিংসে ৯৫ ও দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে আউট হন। বাকিদের চেয়ে আরও দুর্ভাগা গ্রিনিজ। তার এমন নজির আছে দুবার—১৯৭৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৯১ ও ৯৭ এবং ১৯৮০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ ও ৯৬ রানে আউট হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০০৯ সালে ৯২ ও ৯৬ রান বিদায় নিয়ে তালিকায় যুক্ত হন জয়াবর্ধনে। তার ১৭ বছর পর সেই বিরল হতাশার সঙ্গী হলেন শাকিল।

তবে ব্যক্তিগত আক্ষেপের দিনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্বাগতিকদের এই ব্যাটার। সাতটি চারে সাজানো তার ২১০ বলে ৯৭ রানের ইনিংসেই শ্রীলঙ্কার জয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ফিকে হয়ে যায়। প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়ে আশা দেখছিল সফরকারীরা। মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫১ রান। তাদের লিড তখন মাত্র ১৩৯।

ষষ্ঠ উইকেটে গাজি ঘোরির সঙ্গে মহামূল্যবান ৯২ রানের জুটি গড়ে পাকিস্তানকে বিপদমুক্ত করেন শাকিল। ঘোরি করেন ৬৯ বলে ৩৫ রান। শেষ সেশনে শাকিল আউট হওয়ার পরপরই ৮৪.৫ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তাতে লিড বেড়ে দাঁড়ায় ২৭২ রানে। এরপর দুই দলের সমঝোতায় ড্র মেনে শেষ হয় রাওয়ালপিন্ডি টেস্ট।

ম্যাচের শুরু থেকেই অবশ্য দুই দলের মধ্যে লড়াইটা ছিল বেশ জমজমাট। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে একপর্যায়ে ৬৫ রানে ৩ উইকেট হারানোর চাপ সামলে শেষ পর্যন্ত ৪৪৬ রানে করে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে ১২ রানের লিড পেয়েছিল তারা।

তবে পাঁচ দিন গড়ানো এই ম্যাচে শেষমেশ ফল আসেনি। এর পেছনে বিরূপ আবহাওয়ার প্রভাবও রয়েছে। প্রথম চার দিনই শেষ সেশনে আলোকস্বল্পতায় খেলা ব্যাহত হয়। সব মিলিয়ে নির্ধারিত ৩৬০ ওভারের মধ্যে খেলা সম্ভব হয়নি ১১৭ ওভার! ফলে শেষ দিনে দুই দলের সামনে জয়ের সমীকরণ কঠিন হয়ে পড়ে।

RELATED ARTICLES

Most Popular