Homeসারাদেশনারী বাউলশিল্পীদের নিয়ে আপত্তি, সুনামগঞ্জে গানের আসর বাতিল

নারী বাউলশিল্পীদের নিয়ে আপত্তি, সুনামগঞ্জে গানের আসর বাতিল

সুনামগঞ্জের দিরাই উপজেলায় নারী বাউলশিল্পীদের একটি ঘরোয়া গানের অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

নারী শিল্পীরা গান গেলে ‘গানের নামে অশ্লীলতার’ দাবি তুলে আয়োজন বন্ধে পুলিশের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আয়োজন বাতিল করে দেন আয়োজক।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলী তার মেয়ের জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে গানের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে স্থানীয় বাউলশিল্পী তানিশা ও নীলার গান গাওয়ার কথা ছিল।

এ আয়োজনের কথা জানাজানি হলে আপত্তি জানিয়ে বুধবার দিরাই থানায় লিখিত আবেদন করেন একই গ্রামের আতাহার আলী ও কামরুল হাসান। পরে পুলিশ আয়োজকের সঙ্গে কথা বলার পর তারা অনুষ্ঠান বাতিল করেন।

আবেদনে বলা হয়, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত হাতিয়া গ্রামে নারী শিল্পীদের গানের আয়োজন চলতে থাকলে এলাকায় উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

অভিযোগকারী কামরুল হাসান বলেন, ‘আমাদের গ্রামে আগে গান-বাজনা হলেও এখন এ ধরনের আয়োজন হয় না। নারী শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠানের বিষয়ে গ্রামবাসীর মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেন, গানের নামে অশ্লীলতা হতে পারে। এ কারণে অনুষ্ঠানটি বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।’

যোগাযোগ করা হলে আয়োজক শওকত আলী বলেন, ‘মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে ছোট পরিসরে গানের আয়োজন করেছিলাম। আপত্তি ওঠায় এবং থানা থেকে ফোন করায় সামাজিক সম্প্রীতির কথা বিবেচনা করে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।’

ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটি ঘরোয়া বাউলগানের আসর ছিল। কিন্তু আপত্তি ওঠার পর পুলিশ আয়োজকের সঙ্গে কথা বলার পর আয়োজক নিজেই জানান, গানবাজনা করবেন না।’

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘এর আগে এখানে মেয়েদের ফুটবল বন্ধ করা হয়েছে। এবার বাউলগান বন্ধ হলো। পরপর দুটি আয়োজন স্থানীয় আপত্তিতে বন্ধ বা স্থগিত হওয়া দুঃখজনক।’

এর আগে, ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র বাধার মুখে দিরাই উপজেলা সদর স্টেডিয়ামে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করতে হয়।

গত ৫ অক্টোবর স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। 

RELATED ARTICLES

Most Popular