Homeস্পোর্টসতাহলে কি এমবাপেই পাচ্ছেন এবারের ব্যালন ডি'অর?

তাহলে কি এমবাপেই পাচ্ছেন এবারের ব্যালন ডি’অর?

এক রাতেই যেন দুটি মঞ্চের কেন্দ্রবিন্দুতে কিলিয়ান এমবাপে। বার্সেলোনার মাঠে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকো জেতানোর পর এবার তার গন্তব্য লন্ডন। সেখানে আজ রাতে বসছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের আসর। তবে ফরাসি তারকার লন্ডনযাত্রা নিয়ে এত আলোচনা শুধু পুরস্কারের অন্যতম দাবিদার বলেই নয়। টানা দুই বছর অনুষ্ঠান বয়কট করা রিয়াল মাদ্রিদ এবার ফিরছে তার সঙ্গেই। আর এতেই নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে এমবাপের হাতেই?

এমন প্রশ্ন ওঠার পেছনে কারণও আছে। ২০২৪ সালে ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর পাচ্ছেন না জেনে শেষ মুহূর্তে অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল। পরের বছরও অবস্থান বদলায়নি স্প্যানিশ জায়ান্টরা। অথচ এবার সেই রিয়ালই প্রতিনিধিদল পাঠিয়েছে লন্ডনে। দলের সঙ্গে রয়েছেন এমবাপেও। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট আগেই তার উপস্থিতির বিষয়টি জানিয়েছিল।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের প্রতিনিধিদল এরই মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছে। এমবাপের সঙ্গে রয়েছেন মার্ক কুকুরেয়া, ইয়ান দিওমান্দে ও নারী দলের ফেলিসিয়া শ্রোডার। ক্লাবটির প্রাতিষ্ঠানিক সম্পর্কবিষয়ক পরিচালক এমিলিও বুত্রাগেনিও প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তবে আগে উপস্থিত থাকার খবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত যাচ্ছেন না ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম। থাকছেন না ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও।

ফলে এবারের অনুষ্ঠানে রিয়ালের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠছেন এমবাপেই। এমনিতে ব্যালন ডি’অরের লড়াইয়ে তার অবস্থানও বেশ শক্ত। গত মৌসুমে লা লিগায় ২৫ এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করে দুই প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। এরপর বিশ্বকাপেও করেছেন ১০ গোল, জিতেছেন গোল্ডেন বুট। ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, বিবেচিত সময়ে সব মিলিয়ে ৬০ ম্যাচে তার গোল ৫৮টি, সঙ্গে ১৩টি অ্যাসিস্ট।

ব্যক্তিগত পারফরম্যান্সে এমন দাপট দেখালেও গত মৌসুমে রিয়ালের হয়ে বড় কোনো দলীয় শিরোপা জিততে পারেননি এমবাপে। সেটিই ব্যালন ডি’অরের লড়াইয়ে তার জন্য বড় বাধা হয়ে উঠতে পারে। যদিও ব্যক্তিগত নৈপুণ্যে তিনি যে পিছিয়ে নেই, তা পরিসংখ্যানেই স্পষ্ট।

এর মধ্যে পুরস্কার ঘোষণার ঠিক আগের দিন এল ক্লাসিকোয় জোড়া গোল করে আরও একবার আলোচনায় এসেছেন এমবাপে। তার দুই গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। সেই ম্যাচে রিয়ালের হয়ে ১০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। ব্যালন ডি’অরের ভোটাভুটি আগেই শেষ হওয়ায় এই পারফরম্যান্স অবশ্য ফলাফলে প্রভাব ফেলবে না। তবে পুরস্কার ঘোষণার আগে এমবাপেকে ঘিরে আগ্রহ যে আরও বেড়েছে, তাতে সন্দেহ নেই।

রিয়ালের অবস্থান বদলের বিষয়টিও তাই আলাদা গুরুত্ব পাচ্ছে। দুই বছর আগে ভিনিসিয়ুসকে পুরস্কার না দেওয়ায় ব্যালন ডি’অরের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিল ক্লাবটি। সেবার শেষ পর্যন্ত পুরস্কার জেতেন ম্যানচেস্টার সিটি ও স্পেনের মিডফিল্ডার রদ্রি। সেই ঘটনার জেরে প্যারিসের অনুষ্ঠানে যাননি রিয়ালের খেলোয়াড় ও কর্মকর্তারা। ২০২৫ সালেও ক্লাবটির পুরুষ দলের প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের সেই দূরত্ব এবার ঘুচতে চলেছে। তবে কেন রিয়াল অবস্থান বদলাল, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্যালন ডি’অর আয়োজকদের সঙ্গে সম্পর্কের উন্নতির খবরও এসেছে সংবাদমাধ্যমে। পাশাপাশি এমবাপের পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে ক্লাবটির আত্মবিশ্বাস এই সিদ্ধান্তের পেছনে কাজ করে থাকতে পারে বলেও হুঞ্জন রয়েছে।

অবশ্য রিয়ালের উপস্থিতি কিংবা এমবাপের লন্ডনযাত্রা কোনোটিই তার পুরস্কার জয়ের নিশ্চয়তা নয়। এবারের লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও বার্সেলোনার লামিনে ইয়ামাল। বিশেষ করে কেইনকে এগিয়ে রাখছেন অনেক বাজিকর। বিশ্বকাপজয়ী ইয়ামালের পক্ষেও রয়েছে জোরালো যুক্তি। আলোচনায় আছেন ২০২৪ সালের বিজয়ী রদ্রিও।

১৯৫৬ সালে শুরু হওয়া ব্যালন ডি’অরের ৭০তম আসর এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে লন্ডনে। বিখ্যাত লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে সোমবার স্থানীয় সময় রাত ৮টায়, অর্থাৎ বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ২টায় শুরু হবে অনুষ্ঠান।

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ এই স্বীকৃতি এখনও অধরা এমবাপ্পের। দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও সোনালি বলটি হাতে তোলার সুযোগ হয়নি তাঁর। এবার কি সেই অপেক্ষার অবসান ঘটবে? দুই বছরের অভিমান ভুলে রিয়ালের ব্যালন ডি’অরে ফেরার রাতে উত্তর মিলবে সেই প্রশ্নেরও।
 

RELATED ARTICLES

Most Popular