সংরক্ষিত আসনের এনসিপি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুরোনো বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত রাতে কুষ্টিয়ায় এনসিপির ওই সংসদ সদস্যের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে নুসরাতের মা-বাবা থাকেন। অগ্নিকাণ্ডের ঘরটিতে কেউ থাকতেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আজ সকালে আমি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাশের থানা থেকে অগ্নিনির্বাপণ গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগুন লেগেছে, নাকি কেউ লাগিয়েছে, তা তদন্তে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে এ তদন্ত করা হবে।
বিজিবির প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রলবোমার কোনো চিহ্ন মেলেনি। কোনো সাক্ষীও পেট্রলবোমার কোনো তথ্য দেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে পেট্রলবোমা ব্যবহার করা হয়নি।
মন্ত্রী আরও বলেন, বাড়িটিতে জুতা তৈরির কিছু উপকরণ, দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল। ছাগল দুটি মারা গেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলের ছবি, অডিও ও ভিডিওসহ সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। একটি ছবিতে দেখা গেছে, এটা অনেকটা শর্টসার্কিটের মতো ঘটনা হতেও পারে। তবে বিষয়টি এখনো অনুমাননির্ভর। পূর্ণাঙ্গ তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
