গত বছরের নভেম্বরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এই অভিজ্ঞ ব্যাটারের সেটি ছিল শততম টেস্ট। পরদিন সকালে কাঙ্ক্ষিত সেঞ্চুরি ছুঁয়ে গৌরবময় উপলক্ষটিকে আরও স্মরণীয় করে রাখেন তিনি।
১১ মাসের ব্যবধানে উৎকণ্ঠা আর রোমাঞ্চ নিয়ে সেই একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে এবার সাদমান ইসলাম। বুধবার মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে তিনি অপরাজিত আছেন ৯৯ রানে। নিজের চেনা ঢঙে ধীরস্থির থেকে এই ওপেনার মোকাবিলা করেছেন ২১৯ বল। তার দায়িত্বশীল ইনিংসটি সাজানো ১০টি চারে।
বাহারি স্ট্রোকের পসরা সাধারণত দেখা যায় না সাদমানের ব্যাটিংয়ে। তার রসদ ধৈর্য, শৃঙ্খলা আর নিবেদন। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। শুধু তাই নয়, প্রায় আট বছরের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম কোনো ইনিংসে দুইশর বেশি বল মোকাবিলা করলেন তিনি। তার নৈপুণ্যে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পেয়েছে বড় পুঁজির ভিত। আলোকস্বল্পতায় খেলা আগেভাগে বন্ধ হওয়ায় ৭৪ ওভারে তারা প্রথম ইনিংসে তুলেছে ৩ উইকেটে ২১৩ রান।
শেষ বিকালে অপেক্ষা ছিল সাদমানের ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি স্পর্শের। বাংলাদেশ দলের সবাই তাকিয়ে ছিলেন সেদিকে। কিন্তু বাধ সাধে প্রকৃতি। প্রথম দফায় যখন খেলা বন্ধ হয়, তখন তিনি অপরাজিত ছিলেন ৯৬ রানে। এরপর অন্ধকার ফুঁড়ে সূর্য হেসে ওঠায় তার মনেও হয়তো আশার ঝিলিক জেগে উঠেছিল। ৫২ মিনিট পর খেলা ফের চালু হলে তিন ধাপ এগিয়ে সাদমান যখন সেঞ্চুরি থেকে স্রেফ ১ রান দূরে, সেসময় আবার পর্যাপ্ত আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। একইসঙ্গে দিনের খেলারও ইতি টানেন আম্পায়াররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ৯৯ রানে আটকে গিয়ে পরে সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিক তর্জনির চোটের কারণে এই ম্যাচে খেলতে না পারলেও নিবেদনে কোনো কমতি রাখছেন না। সাধারণত সিনিয়র খেলোয়াড়রা একাদশে না থাকলে বিশ্রাম নিলেও তিনি সতীর্থদের জন্য টানছেন পানি। শঙ্কা নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমান আগামীকাল সকালে ব্যাটিংয়ে নামার আগে কীভাবে দীর্ঘ রাতটি কাটাবেন সেই পরামর্শের জন্য চাইলে হতে পারেন মুশফিকের দ্বারস্থ।
দিনশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আশা প্রকাশ করেন, মুশফিকের পথ অনুসরণ করে সাদমানও পা রাখবেন তিন অঙ্কে, ‘আমি অনেক দিন পরে তার এমন ইনিংস দেখছি। কারণ সে কিন্তু শেষ অনেকগুলো ইনিংসে ৫০-৬০ রান করেছে, কিন্তু সেগুলো লম্বা হচ্ছিল না। আমার মনে হয়, সে এটা নিয়েও হয়তো কাজ করেছে। এটার কারণেই হয়তো ইনিংসটা লম্বা হচ্ছে। আমি আশা করব, সে যেন এটা আরও লম্বা করতে পারে।’
দিনের শুরু থেকেই শেরে বাংলা স্টেডিয়ামের পিচ সাহায্য করেছে বোলারদের। অসম বাউন্সের পাশাপাশি দেখা মিলেছে টার্নের। তবে ক্যারিবিয়ানদের আক্রমণ সামলে একপ্রান্তে অবিচল থেকে গেছেন বাঁহাতি সাদমান। টেস্টসুলভ ব্যাটিংয়ে সব প্রতিকূলতাই সামাল দিয়েছেন আস্থার সঙ্গে।
প্রথম সেশনে বাজে শটে বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। থিতু হয়ে একই কায়দায় উইকেট বিলিয়ে আসেন অভিজ্ঞ মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। দ্বিতীয় সেশনে তিনি সাজঘরে ফেরার পর তাওহিদ হৃদয়ের জুটি জমে যায় সাদমানের। এরই মধ্যে তিনি হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৯৫ বলে।
মুশফিক চোটে পড়ায় একাদশে সুযোগ পাওয়া হৃদয় খেলছিলেন দারুণ। কিন্তু পায়ের পেশিতে টান লাগায় শেষ সেশনের শুরুতেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। এই ধাক্কার আগে ৮২ বলে তিনটি চারে তার সংগ্রহ ছিল ৪২ রান।
দিনের বাকি সময়ে আর কোনো বিপদ ঘটতে দেননি সাদমান ও উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। কিন্তু পড়ন্ত বিকালে থেকে যায় সাদমানের সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ। গত বছরের এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটির দেখা পেয়েছিলেন সাদমান। ১৭ ইনিংস পর ফের সেই উষ্ণ ছোঁয়ার দুয়ারে তিনি। স্নায়ুর চাপ আর অস্বস্তিকর রাত পেরিয়ে পারবেন তো তিনি একটি রানের অপেক্ষার সমীকরণ মিলিয়ে দিতে?
