একটি মন্তব্যের মাশুল কতটা চড়া হতে পারে, তা এখন টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। সঙ্গে লা লিগাও। কিলিয়ান এমবাপের একটি বিতর্কিত মন্তব্যের জেরে চীনের মতো বিশাল বাজারে বিপাকে পড়েছে স্প্যানিশ ফুটবল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত হয়েছে, এমবাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে একাধিক চীনা প্রতিষ্ঠান।
অথচ সম্প্রচারস্বত্ব, জার্সি বিক্রি ও স্পনসরশিপ মিলিয়ে চীনের বাজার থেকে বিপুল আয় করে রিয়াল ও লা লিগা। তাই এমবাপে, তার ক্লাব এবং লিগ কর্তৃপক্ষ ক্ষমা চেয়েও স্বস্তি পাচ্ছে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই বিতর্কে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে স্প্যানিশ ফুটবল।
বিতর্কের শুরু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। সেখানে নিজের মুখ ব্যবহার করে বানানো একটি ইন্টারনেট মিম নিয়ে কথা বলছিলেন এমবাপে। মিমটিতে তার মুখ বসানো হয়েছিল চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের ছবিতে। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মাওকে ‘চীনের একজন স্বৈরশাসক’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে ফরাসি তারকার বিরুদ্ধে।
চীনে মাও সেতুংকে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা এবং কমিউনিস্ট বিপ্লবের নায়ক হিসেবে সম্মান করা হয়। তাকে নিয়ে প্রকাশ্যে রসিকতা করা দেশটিতে অত্যন্ত সংবেদনশীল বিষয়। ফলে এমবাপের মন্তব্যটি সামনে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়।
এরপর এমবাপের সঙ্গে চুক্তি বাতিল করে চীনের একাধিক বড় প্রতিষ্ঠান। সবচেয়ে বড় ধাক্কা আসে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির সিদ্ধান্তে। স্পেনের শীর্ষ ফুটবল লিগের ম্যাচ সম্প্রচার স্থগিত করে তারা। এই সিদ্ধান্তই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে লা লিগাকে। কারণ, চীন স্প্যানিশ ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বাজার।
লা লিগার একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রচারস্বত্ব থেকে লিগের মোট আয়ের বড় অংশ আসে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। ২০২৪–২৫ মৌসুমে আন্তর্জাতিক সম্প্রচারস্বত্বের মূল্য ছিল ৭৪ কোটি ৮০ লাখ ইউরো। অর্থাৎ এই দুই বাজারে বড় ধরনের সংকট তৈরি হলে লা লিগার আয়ে তার উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
চীনের বাজার ধরে রাখতে দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব দিয়ে আসছে লা লিগা। দেশটির দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে ২০১৬ সাল থেকে ম্যাচের সময়সূচিতেও পরিবর্তন এনেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। এতে দর্শকসংখ্যার পাশাপাশি সম্প্রচারস্বত্বের মূল্যও বেড়েছে।
এমনকি গত ৩ আগস্ট চায়না মোবাইলের সহযোগী প্রতিষ্ঠান মিগুর সঙ্গে নতুন সম্প্রচারচুক্তির ঘোষণা দিয়েছিল লা লিগা। সেই চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত প্রতি মৌসুমে ৩৮০টি ম্যাচ দেখানোর কথা রয়েছে চীনে। এত বড় বাজারে সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উদ্বেগ তাই স্বাভাবিক।
শুধু লা লিগা নয়, চীনের বাজারে বড় অঙ্কের ব্যবসা রয়েছে রিয়াল মাদ্রিদেরও। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার তথ্য অনুযায়ী, ক্লাবটির মোট জার্সি ও অন্যান্য পণ্য বিক্রির ১০ থেকে ১৫ শতাংশ আসে চীন থেকে।
এর বাইরে দেশটির একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে রিয়ালের স্পনসরশিপ সম্পর্ক রয়েছে। হাইসেন্স, কাইয়ুন স্পোর্টস ও লিংলং টায়ারের মতো প্রতিষ্ঠান ক্লাবটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।
ফলে চীনে এমবাপেকে ঘিরে তৈরি হওয়া নেতিবাচক প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হলে শুধু তার ব্যক্তিগত আয় নয়, রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক স্বার্থও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে দ্রুতই ক্ষমা চেয়েছেন এমবাপে। তার পর রিয়াল মাদ্রিদ ও লা লিগাও দুঃখ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এমবাপের ক্ষমা প্রার্থনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বেইজিং।
কিন্তু ক্ষমা চাইলেই যে হারানো আস্থা ফিরে আসবে, এমনটা মনে করছেন না চীনের অভিজ্ঞ ক্রীড়া বিশ্লেষক ইয়ান কিয়াং। এএফপিকে তিনি বলেন, ‘শান্তভাবে, নিরপেক্ষ দৃষ্টিতে দেখলেও বলতে হবে, এটি অত্যন্ত ক্ষতিকর একটি ঘটনা। চীনে লা লিগা ও রিয়াল মাদ্রিদের ভাবমূর্তির মারাত্মক ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে খুব দ্রুত সবকিছু ছড়িয়ে পড়ে এবং মানুষের আবেগও তীব্র হয়ে ওঠে। ক্ষমা চাওয়াই যে এই ঘটনার সমাপ্তি, এমন নয়। ক্ষমা না চাওয়ার চেয়ে চাওয়া অবশ্যই ভালো, কিন্তু এখানেই সব শেষ হচ্ছে না।’
চীনের সঙ্গে বিরোধে এর আগে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএ। ২০১৯ সালে হিউস্টন রকেটসের তৎকালীন মহাব্যবস্থাপক ড্যারিল মোরি হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এর পরপরই চীনের সঙ্গে এনবিএর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
এক বছরের বেশি সময় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এনবিএর ম্যাচ দেখানো বন্ধ ছিল। এনবিএ কমিশনার অ্যাডাম সিলভার পরে জানিয়েছিলেন, সেই সংকটে লিগটির কয়েক শ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। তাই এমবাপের বিতর্কে রিয়াল ও লা লিগার সামনে ঠিক কতটা বড় সংকট অপেক্ষা করছে, সেই প্রশ্নও উঠছে।
বেইজিংভিত্তিক ক্রীড়া পরামর্শক প্রতিষ্ঠান কি-সলিউশন স্পোর্টস কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা অ্যাডাম ঝাং মনে করেন, পরিস্থিতি সামাল দেওয়ার প্রথম ধাপ হলো দ্রুত ও আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। তার ভাষায়, ‘এর ওপর নির্ভর করবে সম্প্রচার নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না এবং থাকলে কত দিন থাকবে।’
তবে এমবাপের জনপ্রিয়তা আগের অবস্থায় ফিরবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে ইয়ান কিয়াংয়ের, ‘বিশ্বকাপের সময় বাণিজ্যিক স্পনসরশিপ ও বড় বিজ্ঞাপন প্রচারে তার উপস্থিতি দেখলেই বোঝা যায়, চীনে তার প্রভাব কতটা বিশাল। সেই প্রভাব ধরে রাখতে না পারলে বাণিজ্যিক স্বার্থের কথাই বলা যাবে না। লা লিগা ও রিয়াল মাদ্রিদও নিশ্চিতভাবেই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।’
পরিস্থিতি কোন দিকে যাবে, তা এখনই বলা কঠিন বলে মনে করেন এই বিশ্লেষক। তবে স্বল্প মেয়াদে তিনি খুব একটা আশাবাদী নন। ইয়ান বলেন, ‘স্বল্প মেয়াদে আমি মোটেও আশাবাদী নই। তারা যদি নিজেদের ভাবমূর্তি ও সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়, তাহলে ভবিষ্যতে তাদের কাজ ও আচরণই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এখন পর্যন্ত এই বিতর্কে রিয়াল মাদ্রিদ বা লা লিগার ঠিক কত আর্থিক ক্ষতি হয়েছে, তার কোনো হিসাব প্রকাশ করা হয়নি। তবে চীনের বাজারে তাদের যে বড় অঙ্কের বাণিজ্যিক স্বার্থ রয়েছে, তা স্পষ্ট।
