Homeস্পোর্টসপাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

সেমি-ফাইনালে উঠলেও ফাইনালের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের যুবাদের। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি লাল-সবুজের দল। এরপর বোলিংয়েও প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি তারা। একপেশে লড়াইয়ে ৯ উইকেটের বড় হারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমি-ফাইনালে আগে ব্যাট করে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মামুলি লক্ষ্য তাড়ায় পাকিস্তান জয় তুলে নেয় ২১ ওভার ৫ বলেই। ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা ৯ উইকেটের দাপুটে জয়ে।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আবদুল্লাহ আল মুহি ও অধিনায়ক ফরিদ হাসান। তৃতীয় উইকেটে ৪৩ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন দুজন।

তবে ফরিদ ১৭ রানে ফিরে যাওয়ার পর আবারও ছন্দ হারায় বাংলাদেশের ইনিংস। এক প্রান্তে মুহি লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ফলে আর কোনো উল্লেখযোগ্য জুটি গড়ে ওঠেনি।

৪৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন মুহি। তবে সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় তার ফিফটিও বড় সংগ্রহের ভিত গড়ে দিতে পারেনি। শেষ পর্যন্ত ৩১ ওভার ৪ বলে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার রিজওয়ানুল্লাহ। ৩০ রান খরচায় ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। বাঁহাতি পেসার মোহাম্মদ সাইয়াম নেন ২ উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে প্রথম উইকেটে ১২৩ রানের জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যান তারা।

৭২ বলে ৬৯ রান করেন হায়াম। আর ৫৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন উসমান। তাদের ব্যাটে ভর করে মাত্র ২১ ওভার ৫ বলে ১ উইকেটে ১৪১ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পান রবিউল হাসান অনিক।

এই জয়ে শনিবারের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ভারত ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমি-ফাইনালের বিজয়ী দল।
 

RELATED ARTICLES

Most Popular