Homeআন্তর্জাতিকনতুন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতা

নতুন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে যুদ্ধ শুরু না করার বিষয়ে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। 

সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি আসার পরিপ্রেক্ষিতে আজ শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

খামেনির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যদি শত্রুরা আবারো কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে সেই হামলার সমাপ্তি কখন ও কীভাবে হবে—তা নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরানের জনগণ।

খামেনির সঙ্গে দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের এক বৈঠকের পর এই বিবৃতি সামনে এল।

বৈঠকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আব্দুল্লাহি, সেনাবাহিনীর প্রধান আমির হাতামি এবং রেভল্যুশনারি গার্ডের কমান্ডার আহমদ ওয়াহিদি উপস্থিত ছিলেন। এটিই ছিল খামেনির সঙ্গে তাদের প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক।

মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুতে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, খামেনি সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, যেকোনো ধরনের বা যেকোনো মাত্রার হুমকির বিপরীতে তাৎক্ষণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করে কঠোর জবাব দিতে হবে।

এ ছাড়া, ইরানের এই নতুন নেতা সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, যেন তারা ইরানের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেন। সেই তালিকায় আমেরিকান-জায়নবাদী শত্রুপক্ষের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধের সূচনা হয়। এর পরপরই ইরান পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়।

যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়া রোধে যখন কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই বিবৃতি এলো।

গতকাল শুক্রবার কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করে। এর আগে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের একটি চিঠি পৌঁছায়।

ইরানি সংবাদমাধ্যমের তথ্যমতে, তেহরান এখন পর্যন্ত ওই চিঠির কোনো উত্তর দেয়নি।

RELATED ARTICLES

Most Popular