ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিসান্দ্রো মার্তিনেজের। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ওল্ড ট্রাফোর্ডে অনিশ্চিত হয়ে পড়েছে আর্জেন্টাইন ডিফেন্ডারের ভবিষ্যৎ। অন্যদিকে একের পর এক চোটে রক্ষণভাগ নিয়ে বিপাকে পড়েছে বার্সেলোনা। দুই পক্ষের এমন পরিস্থিতিতে লিসান্দ্রোকে দলে নেওয়ার সুযোগ দেখছে কাতালান ক্লাবটি। তবে আগ্রহ থাকলেও একটি শর্ত রয়েছে বার্সার, তাকে কিনতে হবে কম খরচে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, আগামী জানুয়ারির দলবদলে রক্ষণভাগ শক্তিশালী করার পরিকল্পনা করছে বার্সেলোনা। সম্ভাব্য ফুটবলারদের তালিকায় রয়েছেন লিসান্দ্রো। ক্লাবটির ক্রীড়া পরিচালক ডেকো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারের পরিস্থিতির ওপর নজর রাখছেন।
তবে লিসান্দ্রোকে দলে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক সীমাবদ্ধতা। গ্রীষ্মের দলবদলে বেশ কয়েকজন ফুটবলারকে কেনার পর জানুয়ারিতে বড় অঙ্কের অর্থ খরচ করার সুযোগ খুব একটা নেই বার্সার।
ম্যানচেস্টার ইউনাইটেডের খবর নিয়ে কাজ করা ‘দ্য অ্যাথলেটিকের’ সাংবাদিক লরি হুইটওয়েল জানিয়েছেন, লিসান্দ্রোকে নিয়ে বার্সেলোনার আগ্রহ মূলত তার সম্ভাব্য কম ট্রান্সফার ফির কারণে। ইংলিশ ক্লাবটি সাশ্রয়ী মূল্যে ছাড়তে রাজি হলেই তাকে নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বার্সা। সম্প্রতি ‘টক অব দ্য ডেভিলস’ পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন হুইটওয়েল।
বার্সেলোনার আর্থিক পরিস্থিতি কতটা কঠিন, সেটি আগেই জানিয়েছিলেন ক্লাবটির কোষাধ্যক্ষ ফেরান অলিভে। স্প্যানিশ রেডিও কাদেনা সেরের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আমাদের কিছু অর্থ উদ্বৃত্ত আছে, তবে সেটি খুবই সামান্য। মাত্র ৩০ থেকে ৪০ লাখ ইউরো।’
বড় কোনো চুক্তি করতে হলে আগে ফুটবলার বিক্রির প্রয়োজনীয়তার কথাও জানিয়েছিলেন অলিভে। তার ভাষায়, ‘নতুন ফুটবলার কিনতে হলে আগে কাউকে বিক্রি করতে হবে। ১:১ নিয়মের অর্থ হচ্ছে, একজনকে দলে নিতে হলে আরেকজনকে ছাড়তে হবে।’
আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও অবশ্য নতুন ডিফেন্ডার খোঁজার প্রয়োজনীয়তা বেড়েছে বার্সেলোনার। মৌসুমের শুরুতেই চোটের কারণে ছিটকে গেছেন এরিক গার্সিয়া, জুলস কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও হাভি এসপার্ত। এতে রক্ষণভাগ সাজাতে হিমশিম খেতে হচ্ছে কোচ হান্সি ফ্লিককে।
২৮ বছর বয়সী লিসান্দ্রোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান চুক্তি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। যদিও চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ইংলিশ ক্লাবটির। জানুয়ারিতে লিসান্দ্রোকে বিক্রি করলে কিছু অর্থ পেতে পারে ইউনাইটেড। অন্যদিকে বার্সেলোনাও তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন বাঁ পায়ের সেন্টারব্যাক পেয়ে যেতে পারে। যদিও এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনো চুক্তি হয়নি।
এদিকে, প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির অবস্থান অবনমন অঞ্চলের কাছাকাছি। এর মধ্যে চেলসির বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে লিসান্দ্রোকে। সেই ম্যাচেও হেরেছে ইউনাইটেড।
