বুকার পুরস্কারের ইতিহাসে প্রথমবার পুরস্কার জিতলেন কল্পবিজ্ঞান (সায়েন্স ফিকশন) লেখক। ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন ‘দ্য এন্ড অব এভরিথিং’ বইটির জন্য এ পুরস্কার পেয়েছেন। একইসঙ্গে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার জেতার রেকর্ডও গড়েছেন তিনি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় লন্ডনে এক অনুষ্ঠানে তার হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।
বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, এর আগে অনেক বিজয়ী লেখক কল্পবিজ্ঞানের উপাদান ব্যবহার করেছেন। তবে হ্যারিসনই প্রথম, যিনি প্রকৃত কল্পবিজ্ঞান সাহিত্য দিয়ে বুকার জিতলেন।
তার ভাষায়, কয়েক দশকের সাহিত্যকর্মের স্বীকৃতি পাওয়া এই লেখকের জন্য জয়টি ঐতিহাসিক।
এর আগে ২০১৯ সালে মার্গারেট অ্যাটউড ৭৯ বছর বয়সে ‘দ্য টেস্টামেন্টস’ উপন্যাসের জন্য বুকার জিতেছিলেন। এবার তাকে ছাড়িয়ে গেলেন হ্যারিসন।
বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড জানান, দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে হ্যারিসনের বইটিকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
প্রকাশনা সংস্থা প্রোফাইল বুকসের প্রকাশনা প্রতিষ্ঠান সার্পেন্টস টেইলের জন্যও এটি প্রথম বুকার জয়। এর আগে প্রতিষ্ঠানটি পাঁচবার মনোনয়ন পেয়েছিল।
গত বছর ডেভিড সালাই ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতেছিলেন। সাম্প্রতিক বছরগুলোর অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন সামান্থা হার্ভে, পল লিঞ্চ ও শেখান করুণাতিলকা।
