Homeবিনোদন‘দর্শক আমাদের নতুনভাবে দেখতে পাবেন’

‘দর্শক আমাদের নতুনভাবে দেখতে পাবেন’

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী অভিনীত দুটি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। একটি ‘সাবা’, অন্যটি ‘প্রিয় মালতী’। তার তৃতীয় সিনেমার নাম ‘অপলক’। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। এখন চলছে রিহার্সাল। সিনেমাটি পরিচালনা করবেন আদনান আল রাজীব।

নতুন সিনেমা নিয়ে সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মেহজাবীন।

‘অপলক’ সিনেমায় নিজের চরিত্র ও গল্প সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অপলক’ মূলত একটি ভালোবাসার গল্প। তবে ভালোবাসার পাশাপাশি এখানে মানুষের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কিছু খুব চেনা অনুভূতিও উঠে আসবে। গল্পটা আমার কাছে অনেক বেশি বাস্তব মনে হয়েছে।

সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে মেহজাবীন বলেন, ‘আমার চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। এই মুহূর্তে চরিত্রটি নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। আমি চাই, দর্শক হলে গিয়ে চরিত্রটিকে আবিষ্কার করুন।’

পরিচালক আদনান আল রাজীব সম্পর্কে মেহজাবীন বলেন, আদনান আল রাজীবের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুবই কম। এর আগে আমরা একসঙ্গে মাত্র দুই-তিনটি বিজ্ঞাপনে কাজ করেছি। এবারই প্রথম তার পরিচালনায় কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। আর এটি আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তাই আমাদের দুজনের জন্যই কাজটি বিশেষ।

আফরান নিশো সম্পর্কে মেহজাবীন বলেন, নিশো ভাইয়ের সঙ্গে প্রায় চার বছর পর আবারও স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। এই কয়েক বছরে আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। তবে আমাদের দুজনের প্রতি দর্শকদের কাছ থেকে সব সময়ই একটি চাওয়া ছিল, আমরা যেন আবার একসঙ্গে অভিনয় করি। অবশেষে সেই সুযোগ এসেছে, তাও আবার বড় পর্দায়। এটি অবশ্যই অনেক আনন্দের বিষয়।

‘নিশো ভাইয়ের সঙ্গে আমার অনেক বছরের কাজের অভিজ্ঞতা। দর্শক আমাদের জুটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। সহশিল্পী হিসেবে নিশো ভাই খুবই দক্ষ ও পরিশ্রমী। নিজের কাজের প্রতি ভীষণ মনোযোগী। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার কারণে আমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। তবে এবার মাধ্যমটা আলাদা। আশা করছি, দর্শক আমাদের জুটিকে নতুনভাবে দেখতে পাবেন এবং আগের মতোই ভালোবাসা দেবেন।’

সিনেমায় নিজেকে কী ধরনের চরিত্রে দেখতে চান? জবাবে মেহজাবীন বলেন, আমি নিজেকে কোনো নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ রাখতে চাই না। একজন অভিনেত্রী হিসেবে ইচ্ছা বিভিন্ন ধরনের গল্পে, বিভিন্ন রকম চরিত্রে কাজ করা। এমন চরিত্র করতে চাই, যেখানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ থাকে, যেখানে অভিনয় দিয়ে দর্শকের মনে একটা ছাপ রাখা যায়।

‘আমার স্বপ্ন ভালো সিনেমার অংশ হওয়া। এমন কিছু গল্পের সঙ্গে যুক্ত থাকতে চাই, যেগুলো শুধু মুক্তির সময় নয়, অনেক বছর পরও মানুষ মনে রাখবে। আমি বিশ্বাস করি, আমাদের দেশের গল্প, আমাদের মানুষের আবেগ এবং আমাদের সংস্কৃতির মধ্যে অনেক শক্তি আছে। সেই গল্পগুলো দেশের দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছে দিতে চাই।’

মেহজাবীন আরও বলেন, ‘আমি চাই বাংলাদেশের সিনেমা আরও বড় পরিসরে পৌঁছাক, আর সেই যাত্রায় আমারও যেন কিছুটা অবদান থাকে।’

নতুন সিনেমা ‘অপলক’-এর প্রস্তুতি সম্পর্কে মেহজাবীন বলেন, ‘সিনেমার প্রস্তুতি চলছে। আশা করছি, খুব শিগগিরই আমরা শুটিং শুরু করতে পারব। আমাদের পুরো টিমের জন্য সবার আশীর্বাদ চাই, যেন সুন্দরভাবে কাজটি শেষ করতে পারি।’

RELATED ARTICLES

Most Popular