Homeশিক্ষা১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ

গত ১০ নভেম্বর যেসব শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ওই দিন নিষিদ্ধ ছাত্রলীগ ধর্মঘট ডেকেছিল।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে শিক্ষকরা কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ১০ নভেম্বর ক্লাসে অনুপস্থিত ছিলেন তাদের তালিকা আজ বিকেল ৪টার মধ্যে নাম জমা দিতে বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ১০ নভেম্বর ক্লাস নেননি।

ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকজন শিক্ষক ক্লাসে আসেননি। এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে এমন ঘটনা ঘটতে পারে। কোনো শিক্ষক ক্লাস নিতে না এলে এর কারণ কী, তিনি ভীতসন্ত্রস্ত কি না কিংবা তাকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছে কি না, সেগুলো যাচাই করতেই আমরা নোটিশ দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, অনেক শিক্ষক আগের দিন তাদের ক্লাস বাতিল করেছেন অথবা ১০ নভেম্বর ক্লাস নিতে আসেননি। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের নিরাপত্তা ও নিশ্চয়তা দিতে চাই। বিষয়টি আমাদের জানা থাকলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হবে।’

শিক্ষকদের রাজনৈতিক বা আদর্শিক অবস্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিক্ষক তার নিজস্ব আদর্শিক অবস্থান ধারণ করতেই পারেন। কিন্তু আমার কাছে এটি একটি একাডেমিক বিষয়।’

শিক্ষকদের তালিকা পাওয়ার পর তাদের অনুপস্থিতির কারণ জানা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular