ছয় বছর পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটের কুখ্যাত ‘স্যান্ডপেপার কাণ্ড’ যেন পিছু ছাড়ছে না। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির সেই ঘটনা নতুন করে আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর। সেখানে অস্ট্রেলিয়ার আরও কয়েকজন ক্রিকেটারের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। একের পর এক অভিযোগের পর এবার বিষয়টি নিয়ে মুখ খোলার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
নিজের আত্মজীবনী সবর-এ স্যান্ডপেপার কাণ্ড নিয়ে একটি পূর্ণাঙ্গ অধ্যায় লিখেছেন খাজা। সেখানে তিনি দাবি করেছেন, বল বিকৃতির ঘটনায় শাস্তি পাওয়া ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটই শুধু বিষয়টি জানতেন না। দলের আরও কয়েকজন ক্রিকেটারও ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। এমনকি কেপটাউন টেস্টের আগের ম্যাচে পোর্ট এলিজাবেথেও অস্ট্রেলিয়া একই ধরনের কৌশল ব্যবহার করেছিল বলে দাবি করেছেন তিনি।
খাজার এসব দাবি ঘিরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তৎকালীন সহ-অধিনায়ক ওয়ার্নারসহ কয়েকজন। তবে দলের অন্য ক্রিকেটারদের অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়াও নতুন করে তদন্ত শুরুর পথে হাঁটছে না।
এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কামিন্স জানিয়েছেন, সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তিনি। শুক্রবার সকালে ক্রিকেট সেন্ট্রালে অনুশীলনের সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে কামিন্স লিখেছেন, ‘শিল্ডের ম্যাচে ব্লুজদের মাঠে নামার আগে আগামীকাল সকালে ক্রিকেট সেন্ট্রালে অনুশীলন করব। সকাল সাড়ে নয়টায় এই সপ্তাহের ঘটনাগুলো নিয়ে সংবাদমাধ্যমের যেকোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। উজির (খাজা) অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পুরো ব্যাপ্তি ভালোভাবে বোঝার জন্য কিছুটা সময় নিয়েছি, যাতে যথাযথভাবে জবাব দিতে পারি।’
এদিকে বৃহস্পতিবারই মিচেল স্টার্ক দাবি করেছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে কোনো পর্যায়েই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তার জানা ছিল না। ২০২১ সালেও একই অবস্থানের কথা জানিয়েছিলেন এই বাঁহাতি পেসার।
সেই সফরের আরেক সদস্য পিটার হ্যান্ডসকম্বও বিতর্কে জড়াতে চাননি। চলমান শেফিল্ড শিল্ডে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভিক্টোরিয়ার হয়ে সেঞ্চুরি করার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি, ‘দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের এসব প্রশ্ন করতেই হবে। আজ আমার দিনটা ভালো কেটেছে। এই মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাই না। দায়িত্বে থাকা ব্যক্তিদেরই তাদের কাজ করতে দিতে চাই।’
খাজার আত্মজীবনীর প্রকাশে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ক্ষতি হচ্ছে কি না, এমন প্রশ্নেও সরাসরি উত্তর দেননি হ্যান্ডসকম্ব। তার মতে, প্রত্যেকের নিজের কথা বলার অধিকার আছে। পেশাদার ক্রিকেটে নানা বিতর্কের মধ্যেও সামনে এগিয়ে যেতে হয়।
শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ নিয়েও অভিযোগ তুলেছেন খাজা। তার দাবি, ওই সিরিজে রিভার্স সুইং পাওয়ার জন্য বলের হাই সিম তুলে দেওয়ার কৌশল ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া।
তবে এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ইংল্যান্ডের জো রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে ছিলাম না। সেখানে কী হয়েছিল, তা জানি না। তাই অনুমাননির্ভর কোনো মন্তব্য করতে চাই না।’
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একই পথ অনুসরণ করেছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শও। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকা এই অলরাউন্ডার জানিয়েছেন, আপাতত নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করতে চান না।
মার্শ বলেন, ‘এই সপ্তাহে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কয়েকজন নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন, সেটিকে আমি সম্মান করি। তবে আজ আমি আমার গল্প বলতে আসিনি। জানি, কথাটা অদ্ভুত শোনাতে পারে। কিন্তু আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আগামীকালের ম্যাচের প্রস্তুতিতেই আমার পুরো মনোযোগ।’
