দুই বছর আগেও ভারতীয় ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বোর্ডের নির্দেশনা অমান্য করে ঘরোয়া ক্রিকেটে না খেলায় হারিয়েছিলেন কেন্দ্রীয় চুক্তি। টি-টোয়েন্টি দলেও জায়গা হচ্ছিল না দীর্ঘদিন। সেই শ্রেয়াস আইয়ারই এখন ভারতের দুই সংস্করণের অধিনায়ক। গত জুনে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব করতে যাচ্ছেন এই ব্যাটসম্যান।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন আইয়ার। বে ওভালে মিচেল স্যান্টনারের সঙ্গে টস করতে নামার মধ্য দিয়ে ভারতের ওয়ানডে ইতিহাসের ২৯তম অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার।
নিয়মিত অধিনায়ক শুবমান গিল টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে ওয়েলিংটনে যাওয়ায় সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন আইয়ার। তবে এই দায়িত্ব পাওয়াও তার জন্য বড় এক অর্জন। বিশেষ করে গত কয়েক বছরে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের কাছে।
২০২৩ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি আইয়ার। অথচ এই সময়ে আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস, তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলের ফাইনালে তুলেছেন। তার নেতৃত্বে ২০২৪ সালে শিরোপাও জেতে কলকাতা।
তারপরও জাতীয় টি-টোয়েন্টি দলে ফেরার পথ সহজ ছিল না আইয়ারের। মূলত সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলের একাদশে তার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলেন না নির্বাচকরা। দুজনই বিশেষজ্ঞ ব্যাটসম্যান হওয়ায় একসঙ্গে নিয়মিত খেলানোর সুযোগ সীমিত ছিল। আর অধিনায়ক হিসেবে সূর্যকুমারই ছিলেন প্রথম পছন্দ।
অবশেষে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন পরিকল্পনা শুরু করে ভারত। শিরোপা ধরে রাখার সাফল্যের পরও সূর্যকুমারকে সরিয়ে দিলে নেতৃত্বের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প হয়ে ওঠেন আইয়ার।
গত জুনে অধিনায়ক হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন তিনি। তবে নেতৃত্বের শুরুটা পুরোপুরি মসৃণ হয়নি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সিরিজ হেরেছে ভারত। অবশ্য ঘরের মাঠে সাফল্যের পাশাপাশি এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতার আনন্দও পেয়েছেন তিনি।
আইয়ারের এই প্রত্যাবর্তন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ২০২৪ সালের ঘটনাপ্রবাহের কারণে। পিঠের চোটে ক্যারিয়ারের বিভিন্ন সময় ভুগতে হয়েছে তাকে। ওই বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টের পর আর ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে খেলেননি।
চোট কাটিয়ে জাতীয় ক্রিকেট একাডেমি থেকে ফিটনেস ছাড়পত্র পেলেও মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে রাজি হননি আইয়ার। তার যুক্তি ছিল, পিঠের সমস্যা পুরোপুরি না কাটায় দীর্ঘ সময় ব্যাটিং করা কঠিন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই যুক্তি গ্রহণ করেনি। ফিট ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করার নির্দেশনা অমান্য করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাকে।
সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে অবশ্য বেশি সময় লাগেনি আইয়ারের। পরে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ফিরে দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। একই বছর তার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতাও।
এরপর ওয়ানডে ক্রিকেটে নিজেকে ভারতের চার নম্বর পজিশনের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন আইয়ার। বিশেষ করে গত বছরের মার্চে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
গত বছরের অক্টোবরে রোহিত শর্মার জায়গায় শুবমান গিল ওয়ানডে অধিনায়ক হলে সহ-অধিনায়কের দায়িত্ব পান আইয়ার। এবার গিলের অনুপস্থিতিতে মূল দায়িত্বও উঠছে তার কাঁধে।
শুধু অধিনায়ক হিসেবে অভিষেক নয়, আইয়ারের সামনে থাকছে আরও একটি অর্জনের সুযোগ। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ২-০ ব্যবধানে এগিয়ে। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।
এরই মধ্যে গিলের নেতৃত্বে নিউজিল্যান্ডের টানা ১১টি ঘরের মাঠের ওয়ানডে সিরিজ জয়ের ধারায় ছেদ পড়েছে। এবার আইয়ারের নেতৃত্বে শেষ দুই ম্যাচের একটিতে জয় পেলে ১২ সিরিজ পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারবে কিউইরা।
