Homeসারাদেশমেঘনায় ফেরিতে কার্গোর ধাক্কায় শিশু নিহত, আহত ২

মেঘনায় ফেরিতে কার্গোর ধাক্কায় শিশু নিহত, আহত ২

শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরিতে একটি ছোট কার্গোর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসাশিক্ষার্থী তরিকুল ইসলাম (১১) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। সে পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিল।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, চাঁদপুরের হরিণাঘাট থেকে ‘কাকলি’ ফেরি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে যাচ্ছিল। মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে লক্ষীরচর চ্যানেলে প্রবেশের মুখে বিপরীত দিক থেকে আসা সয়াবিন তেলের ড্রামবাহী একটি ছোট কার্গো ফেরিটিকে ধাক্কা দেয়। এতে ফেরির ডেকে থাকা চার-পাঁচজন মাদ্রাসাশিক্ষার্থী পড়ে যায়।

তিনি বলেন, কার্গোর ধাক্কায় একটি ট্রাক পেছনের দিকে সরে তারিকুলের দিকে যায়। একই সময় তারিকুলও ছিটকে গিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত অপর দুই শিশুকে অন্য একটি নৌযানে করে প্রাথমিক চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, কার্গোটি জব্দ ও দুই শ্রমিককে আটক করা হয়েছে। এছাড়া ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
 

RELATED ARTICLES

Most Popular