নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। বাংলাদেশের সাহিত্যে তার মতো জনপ্রিয় কথাসাহিত্যিক আর আসেননি। প্রবল পাঠকপ্রিয় এই লেখক নাট্যকার হিসেবেও অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। ‘আগুনের পরশমণি’র মতো চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছেন দর্শকের কাছে। মৃত্যুর এত বছর পরও তার বইয়ের পাঠক চাহিদা কমেনি। বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারসহ জীবদ্দশায় পেয়েছেন অসংখ্য সম্মাননা।
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক তার সৃষ্টি করা কিছু কালজয়ী উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও জনপ্রিয় চরিত্র।
‘নন্দিত নরকে’ ও ‘শঙ্খনীল কারাগার’
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে লেখা বইটি প্রকাশের পর থেকেই পাঠকদের গভীরভাবে স্পর্শ করে। ১৯৭২ সালের এপ্রিলে, পয়লা বৈশাখে বাংলাবাজারের খান ব্রাদার্স বইটি প্রকাশ করে। ৫৪ বছর ধরে উপন্যাসটি পাঠকের ভালোবাসা পেয়ে আসছে।
লেখকের দ্বিতীয় উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’। ১৯৭৩ সালে খান ব্রাদার্স প্রকাশ করে বইটি। ‘নন্দিত নরকে’র মতো এ উপন্যাসও পাঠকদের হৃদয়ে জায়গা করে নেয়।
পরবর্তী সময়ে ‘নন্দিত নরকে’ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাস নিয়েও চলচ্চিত্র তৈরি হয়েছে। দুটি চলচ্চিত্রই দর্শকদের ভালোবাসা পেয়েছে।
‘তুই রাজাকার’ সংলাপের প্রভাব
হুমায়ূন আহমেদের লেখা ‘বহুব্রীহি’ উপন্যাসের পাশাপাশি একই নামে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে তার লেখা ধারাবাহিক নাটক। নাটকটি তুমুল জনপ্রিয়তা পায়। এর একটি সংলাপ একসময় মানুষের মুখে মুখে ফিরত—‘তুই রাজাকার’।
টিয়ে পাখির মুখ দিয়ে এই সংলাপটি বলিয়েছিলেন লেখক। এরপর থেকে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে কথাটি। নাটকের মধ্য দিয়ে এভাবে সাহসী বক্তব্য তুলে ধরেছিলেন তিনি। আজও কাউকে রাজাকার বলার ক্ষেত্রে অনেকে এই সংলাপটি ব্যবহার করেন।
বাকের ভাইয়ের জন্য রাজপথে মিছিল
সাধারণত নানা দাবি আদায়ে রাজপথে মিছিল হয়। কিন্তু টেলিভিশনে প্রচারিত একটি নাটকের চরিত্রের মুক্তির দাবিতেও যে মিছিল হতে পারে, তার নজির তৈরি হয়েছিল হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটককে ঘিরে।
নাটকটিতে সমাজের সাধারণ মানুষের গল্পের পাশাপাশি শহরের মাস্তানদের চিত্রও তুলে ধরেছেন লেখক। দেখিয়েছেন, সমাজের উচ্চবিত্ত এক নারী কীভাবে নিজের বাসায় তিনজন মেয়েকে দিয়ে দেহব্যবসা করান। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মুনা। বাকের ভাই মুনাকে পছন্দ করেন। বাকেরের ফাঁসি হওয়ার পর মুনা ছাড়া আর কেউ তার মরদেহ নিতে যায় না।
নাটকের শেষ দিকে বাকের ভাইয়ের ফাঁসির দৃশ্যকে কেন্দ্র করে রাজধানীর রাজপথে মিছিল নামে। ঢাকার বাইরেও কোথাও কোথাও মিছিল হয়। সবার দাবি ছিল একটাই—বাকেরকে ফাঁসি দেওয়া যাবে না।
শুধু তা-ই নয়, নাটকটি প্রচারের সময় রাস্তাঘাটও ফাঁকা হয়ে যেত। দর্শকরা এতটাই আগ্রহ নিয়ে নাটকটি দেখতেন।
হিমুর জনপ্রিয়তা
হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে অন্যতম হিমু। খালি পায়ে হাঁটে সে, কখনো মেসে থাকে, কখনো যায় মাজেদা খালার বাসায়। খালাতো ভাই বাদলের সঙ্গে তার মধুর সম্পর্ক। অন্যদিকে রূপা নামের এক তরুণী হিমুকে খুব পছন্দ করেন।
রাতে রাজপথে হাঁটতে গিয়ে কখনো কখনো পুলিশ হিমুকে ধরে নিয়ে যায়, আবার ছেড়েও দেয়। হিমু ভালোবাসে জোছনা। তার পরনে থাকে হলুদ পাঞ্জাবি, যাতে কোনো পকেট নেই। বিচিত্র অথচ সরল এই চরিত্রটি বহু বছর ধরে পাঠকদের আকৃষ্ট করে রেখেছে।
এখনো ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে অনেকেই হিমু সেজে রাস্তায় বের হন। তরুণীরা নীল শাড়ি পরে সাজেন রূপার বেশে।
হিমুর পাশাপাশি তিনি সৃষ্টি করেছেন মিসির আলী চরিত্র। এটিও পাঠকদের ভালোবাসা পেয়েছে। শুভ্র নামের আরেকটি চরিত্রও লিখে গেছেন তিনি, যা পাঠকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
‘আগুনের পরশমণি’ ও চলচ্চিত্র নির্মাণ
মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা অবলম্বনে হুমায়ূন আহমেদ লিখেছেন ‘আগুনের পরশমণি’। পরে উপন্যাসটি অবলম্বনে তিনি চলচ্চিত্র নির্মাণ করেন। ছবিটি সে সময় রেকর্ডসংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
চলচ্চিত্রে রাত্রি চরিত্রে অভিনয় করেন বিপাশা হায়াত। বদিউল আলম চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, যিনি ছবিতে একজন মুক্তিযোদ্ধা। মতিন সাহেবের চরিত্রে ছিলেন আবুল হায়াত। মুক্তির পর ছবিটি প্রশংসিত হয় এবং দর্শকদের আবেগাপ্লুত করে।
‘আগুনের পরশমণি’ ছাড়াও হুমায়ূন আহমেদ পরিচালনা করেছেন ‘শ্যামল ছায়া’, ‘দুই দুয়ারি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আমার আছে জল’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘চন্দ্রকথা’। সবশেষ তিনি নির্মাণ করেন ‘ঘেটুপুত্র কমলা’।
বিশেষ করে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয়।
নাট্যকার হিসেবেও অনন্য
পাঠকপ্রিয় লেখক হিসেবে হুমায়ূন আহমেদের পরিচিতি থাকলেও নাট্যকার হিসেবেও তার জনপ্রিয়তা ছিল তুমুল। তার লেখা ‘অয়োময়’ একটি বিখ্যাত ধারাবাহিক। নাটকটির গল্প নির্বাচনেই তার সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিক লিখে তিনি টেলিভিশন নাটকের জগতে আলোড়ন সৃষ্টি করেন। ‘কোথাও কেউ নেই’ নাটকটি তৈরি করে ইতিহাস। ‘বহুব্রীহি’ ছিল ভিন্নধর্মী আরেকটি নাটক। ‘নক্ষত্রের রাত’ও তার উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর একটি। ‘আজ রবিবার’ নাটকের দর্শকপ্রিয়তাও এখনো রয়েছে।
এসব জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি এক ঘণ্টার নাটক লিখেও সাফল্য পেয়েছেন তিনি। তার নাটক দর্শকরা সাদরে গ্রহণ করেছেন।
চরিত্রগুলো আজও মানুষের মনে
হুমায়ূন আহমেদের নাটকের চরিত্রগুলোও দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান আসাদুজ্জামান নূর। আজও অনেকে তাকে বাকের ভাই বলে ডাকেন।
‘অয়োময়’ নাটকে বিপাশা হায়াত অভিনয় করেছিলেন লবঙ্গ চরিত্রে। তাকেও অনেকে এখনো লবঙ্গ বলে ডাকেন। একই নাটকে আসাদুজ্জামান নূর অভিনয় করেন ছোট মির্জার চরিত্রে। বহু বছর ধরে দর্শকদের কাছে তিনি ছোট মির্জা নামেই পরিচিত।
‘অয়োময়’ নাটকে এলাচি বেগম চরিত্রে অভিনয় করেন সারা যাকের। এ চরিত্রেও তিনি সাড়া ফেলেন। ‘আজ রবিবার’ নাটকে মতি চরিত্রে অভিনয় করেন ফারুক আহমেদ। দর্শকরা এখনো তাকে মতি নামে ডাকেন।
আলী যাকের ‘আজ রবিবার’ নাটকে বড় চাচা এবং ‘বহুব্রীহি’ নাটকে ফরিদ মামা চরিত্রে অভিনয় করেন। দুটি চরিত্রই জনপ্রিয়তা পায়। অভিনেতা মাহফুজ আহমেদ ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকে মতি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। আবুল হায়াত হুমায়ূন আহমেদের বহু নাটকে রাগী মানুষের চরিত্রে অভিনয় করেছেন। ‘এইসব দিনরাত্রি’ নাটকে নীলু চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া পান ডলি জহুর।
হুমায়ূন আহমেদের নাটকের জনপ্রিয় চরিত্রের তালিকা অনেক দীর্ঘ। সাহিত্য, নাটক ও চলচ্চিত্র—সব মাধ্যমেই অসংখ্য স্মরণীয় সৃষ্টি রেখে গেছেন তিনি। এসব সৃষ্টির মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছেন অনন্য।
