জাতীয় স্টেডিয়ামে আজ রাতে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে উজ্জীবিত বাংলাদেশ। এই লড়াইয়ে নামার আগে লাল-সবুজের প্রতিনিধিদের বড় অনুপ্রেরণা—দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে কখনো না হারার গৌরবময় ইতিহাস।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচের একটিতেও হারেনি বাংলাদেশ। এবার তাদের সামনে হাতছানি দিচ্ছে ২১ বছরের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে স্বপ্নের ফাইনালে পা রাখার। সব মিলিয়ে এটি হবে বাংলাদেশের চতুর্থ সাফ ফাইনাল। সবশেষ ২০০৫ সালে স্বাগতিক পাকিস্তানকে সেমিফাইনালে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ, যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল তাদের।
অন্যদিকে, আগের ১২টি আসরে একবারও ফাইনাল খেলতে না পারা পাকিস্তান এবার স্বাগতিক বাংলাদেশকে বিদায় করে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ইতিহাসও ডাকছে লাল-সবুজদের—২০০৩ সালের পর দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে সাফের ফাইনাল খেলার হাতছানি যে এখন তাদের সামনেই!
দক্ষিণ এশিয়ার ফুটবলে কখনোই বড় শক্তি না হওয়া পাকিস্তান হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত উদ্বোধনী ফিফা আসিয়ান কাপে কয়েকজন মানসম্পন্ন প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে তারা। সেই টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে পিছিয়ে পড়েও ফিলিপাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল পাকিস্তান, আর শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরেছিল।
তবে সেই ছন্দ সাফ চ্যাম্পিয়নশিপে টেনে আনতে পারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-২ গোলে হার দিয়ে আসর শুরু করলেও, পরের ম্যাচে ধুঁকতে থাকা মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আরও পাঁচজন প্রবাসী ফুটবলারকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে পাকিস্তান। তবে অল্প সময়ের মধ্যে দলের সঙ্গে তারা কতটা মানিয়ে নিতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।
হামজা চৌধুরী, শমিত শোম, ফারহান আলী ওয়াহিদসহ বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে উজ্জীবিত বাংলাদেশের পক্ষে কথা বলছে পরিসংখ্যানও। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ১৭ বছর পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ছিল বাংলাদেশ। সেই অজেয় যাত্রায় ছেদ পড়ে ২০১৩ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে, যেখানে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
দুই দেশের জাতীয় দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচে তপু বর্মনের একমাত্র জয়সূচক গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এ ছাড়া গত বছর মালদ্বীপে অনুষ্ঠিত ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টেও বাংলাদেশের অলিম্পিক দলকে হারাতে পারেনি পাকিস্তান। ২০২৫ সালের সেই আসরে চ্যাম্পিয়ন পাকিস্তান, রানার্সআপ আফগানিস্তান এবং স্বাগতিক মালদ্বীপ—তিন দলের বিপক্ষেই গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের অলিম্পিক দল।
এর আগে ২০০৫ সালের সাফ সেমিফাইনালে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছিলেন ডিফেন্ডার মোহাম্মদ সুজন।
ঘরের মাঠ ও বাইরের অতীত রেকর্ড, প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ উন্নতির ছাপ এবং টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করার আত্মবিশ্বাস—সব মিলিয়ে ২১ বছরের ফাইনাল খরা কাটানোর দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। আর মাঠের বাইরে ‘দ্বাদশ খেলোয়াড়’ হয়ে স্বাগতিক দর্শকদের গর্জন তো থাকছেই, যা লাল-সবুজদের স্বপ্নপূরণে জোগাবে বাড়তি শক্তি।
ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড:
১৯৮৫ সাফ গেমস: বাংলাদেশ ২-১ পাকিস্তান
২০০৫ এশিয়ান কাপ বাছাইপর্ব: বাংলাদেশ ০-০ পাকিস্তান
২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ ০-০ পাকিস্তান
২০১১ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব: বাংলাদেশ ৩-০ পাকিস্তান
২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ ১-০ পাকিস্তান
