মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে ডিলে কনডন্ডের (বিলম্ব মার্জনা) কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।’
‘আপিল বিভাগের এই ধরনের মামলায় ডিলে কনডন্ড (বিলম্ব মার্জনা) করার আইনগত কোনো সুযোগ নাই। কারণ স্পেশাল ল’তে কনডন্ড করার কোনো সুযোগ রাখেনি, উনারাই সেই আইন করে গেছেন। আমাদের সংবিধানে ১৯৭৩ সালে উনার বাবা যে সংশোধনী এনে গেছেন; ৪৭(৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না,’ যোগ করেন তিনি।
একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে ভারত সরকার শেখ হাসিনার ফেরার ব্যাপারে আইনি প্রক্রিয়া খুঁজছে; এ নিয়ে কি ধোঁয়াশা রয়ে গেছে? জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন উনারা কি করবেন সেটা ওনাদের বিষয়।’
তিনি বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব মানবতাবিরোধী অপরাধের বিচার করব। আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি।
গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত থেমে আছে। এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে তদন্ত টিম ও প্রসিকিউশন স্বাধীনভাবে এগিয়ে যাবে। আমরা সেখানে হস্তক্ষেপ করি না, তারা যখন প্রয়োজন মনে করবে পদক্ষেপ নেবে।’
বিগত ১৬-১৭ বছরে যত গুম, বিচারবহির্ভূত হত্যা, কমন উদ্দেশ্য—রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও ঘায়েল করার জন্য রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা-গায়েবি মামলা করা হয়েছে, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম ও প্রসিকিউশন টিম যৌথভাবে বিভিন্ন জেলায় তদন্তে নামবে বলে জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, এরপর জনবল বা অন্য কোনো সহযোগিতা চাওয়া হলে সরকারের পক্ষ থেকে করা হবে।
সাক্ষী সুরক্ষার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও এক প্রশ্নের জবাবে জানান আসাদুজ্জামান।
