Homeসারাদেশতিনি পালিয়ে গিয়েও জাতিকে কষ্ট দিচ্ছেন: শফিকুর রহমান

তিনি পালিয়ে গিয়েও জাতিকে কষ্ট দিচ্ছেন: শফিকুর রহমান

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘পালিয়ে গিয়েও (তিনি) জাতিকে কষ্ট দিচ্ছেন। মনে রাখবেন, এই জাতি সহজে জাগে না। কিন্তু জেগে উঠলে ছাড়ে না।’

আজ শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

তবে এ বিষয়ে এখনো ভারতের সাড়া মেলেনি। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লেখার খবরও সম্প্রতি প্রকাশ করেছে রয়টার্স।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও শফিকুর রহমান বলেন, ডিসেম্বরজুড়ে জামায়াতের অনেক কর্মসূচি থাকবে। এসব কর্মসূচি সফল করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন তারা।

তিনি বলেন, ‘কাউকে ঠেকানোর জন্য না। ঠেকানোর দরকার পড়বে না। যদি এতই ভালো তিনি, যেতেন না তো। আমাদের কোনো নেতৃবৃন্দ তো দেশ ছেড়ে যান নাই। কারা যায়? যাদের পাপের বোঝা মারাত্মক। তারা বোঝে যে এই সমাজে আমার আর এক সেকেন্ডও থাকা উচিত নয়। সেই নৈতিক অধিকার যাদের নাই, তারাই দেশ ছেড়ে পালায়।’

জামায়াত আমির বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণেরা শুধু কোটা সংস্কার নয়, রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন এবং সব ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে ৩৩টি রাজনৈতিক দল মাসের পর মাস আলোচনা করেছে। পরে জুলাই সনদ প্রণয়ন করা হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল—একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু নির্বাচনের পর বর্তমান সরকারি দল একটি সিদ্ধান্ত মেনে নিলেও অন্যটি মানেনি।

শফিকুর রহমান বলেন, ‘জাতির সামনে স্পষ্ট ওয়াদা দিয়ে তারা তা লঙ্ঘন করেছে। তারা প্রতারণা করেছে। আমরা এই প্রতারণা মানব না, জাতি মানবে না। আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের পূরণ করতেই হবে।’

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা অগ্রাহ্য করে সরকার জনগণকে অপমান করছে এবং নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট করছে।

বর্তমান সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে না চাইলেও তাদের মধ্যে ফ্যাসিবাদের অনেক লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তার ভাষায়, ‘এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না। তবে ওই ভাইরাসের প্রচুর লক্ষণ এই সরকারের মধ্যে ফুটে উঠেছে।’

যুবসমাজের অবক্ষয়, মাদকের বিস্তার ও শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তার নিয়েও উদ্বেগ জানান তিনি। সম্প্রতি সংসদে সরকারি দলের একজন প্রবীণ সদস্যের বক্তব্য উদ্ধৃত করে শফিকুর রহমান বলেন, আগে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ফ্যাসিস্ট দলের নেতারা, আর এখন তার দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন বলে ওই সংসদ সদস্য স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘এই সমাজকে আমরা ধ্বংস হতে দিতে পারি না।’ মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের কারণে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সমাজের সর্বস্তরে অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এ নির্বাচনে ভোট চোর, ডাকাত ও ষড়যন্ত্রকারীদের আর ছাড় দেওয়া হবে না।

সম্মেলনে কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular