দেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ পেয়ে রোমাঞ্চিত ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। তবে সর্বোচ্চ মঞ্চে নেমে প্রথম বলেই টের পেলেন চ্যালেঞ্জ কতটা কঠিন। কাগিসো রাবাদার প্রথম বলেই আউট হয়ে বিব্রতকর এক রেকর্ডেও নাম উঠে গেছে তার।
টস জিতে ব্যাট করা বাংলাদেশ তরুণ ডানহাতি ওপেনারকেই পাঠায় প্রথম বল মোকাবেলা করতে। বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন রাবাদার সামনে খেই হারান তিনি। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন মাহফিজুল।
টেস্টে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন ২২ বছর বয়সী ব্যাটার।
সব মিলিয়ে টেস্ট অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার- ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম অপুর হয়েছিলো এই অভিজ্ঞতা।
মাহফিজুলের পর মুমিনুল হককেও নিজের পরের ওভারে তুলে নিয়েছেন রাবাদা। ৭ রানেই তাই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
