চলতি সপ্তাহে চীনের শেনজেনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবারের এই ঐতিহাসিক ও নজিরবিহীন বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে কিছুটা আভাস পাওয়া গেছে।
বেইজিংয়ের বরাতে সোমবার বার্তাসংস্থা এএফপি জানায়, তিন শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানরা মূলত ‘বৈশ্বিক শান্তি’ নিয়ে আলোচনা করবেন।
তবে তিন নেতা কী কী বিষয়ে আলোচনা করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি চীন। দেশটি বলেছে, তারা ‘বিশ্বশান্তি রক্ষা এবং শক্তিশালী দেশগুলোর পারস্পরিক সম্পর্কে কৌশলগত ভারসাম্যকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন।’
ইরান যুদ্ধ নিয়ে আলোচনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিন নেতা ইরানে তার যুদ্ধ নিয়ে আলোচনা করতে পারেন।
গতকাল সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ অনেক কিছু নিয়ে কথা বলব। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার চেষ্টা করছি আমরা।’
ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন ওই সংঘাত নিরসনে দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে।
মাসের পর মাস ধরে চলা এ সংকট কয়েক দফায় প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে নৌ-পণ্য পরিবহন ব্যাহত হয়েছে এবং তেলের দাম বেড়েছে।
মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে আগ্রহী নন। বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধেই ইরানকে শায়েস্তা করতে তিনি বেশি আগ্রহী।
অন্যদিকে চীন বলেছে, আবারও সংঘাত শুরু হওয়া ঠেকানো তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’। এ লক্ষ্যে গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতা ও কূটনীতিকদের আতিথ্য দিয়েছে দেশটি, যেন সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যায়।
থাকছে না ইউক্রেন
বিশেষজ্ঞদের মতে, এ সপ্তাহের বৈঠকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি আলোচনার বাইরে থাকতে পারে।
শি জিনপিং বা ট্রাম্পের কেউই অত্যন্ত সংবেদনশীল এ বিষয়টি তুলবেন বলে মনে করছেন না তারা। মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এ বিষয়টি তুলবেন বলে প্রত্যাশা করা হচ্ছে না।
জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বলেছেন, সম্প্রতি এক বৈঠকে তিন নেতার আলোচনায় ইউক্রেনের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ উঠলে শি জিনপিং ‘বিরক্তি’ প্রকাশ করেন।
জার্মানির সরকারি টেলিভিশন এআরডিকে তিনি বলেন, ‘শি স্পষ্টভাবে বলেছেন, এটি ইউরোপের সংঘাত। তাই এ বিষয়ে আলোচনার টেবিলে ইউরোপীয়দেরও থাকতে হবে।’
পারমাণবিক নিরস্ত্রীকরণ
সাম্প্রতিক সময়ে চীন তাদের পরমাণু অস্ত্রভান্ডার খুব দ্রুত সম্প্রসারণ করছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র অসন্তোষ প্রকাশ করে বলেছে, চীনকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অংশ হতে হবে।
তবে বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল অস্ত্রভান্ডার কমাতে হবে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প চীনকে অন্তর্ভুক্ত করে ‘আরও ভালো একটি চুক্তি’ করার আহ্বান জানান।
সেসময় নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানায় বেইজিং।
তবে এ সপ্তাহে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো বিষয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অর্থবহ আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
