যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব মর্যাদায় আবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গোলাম মোর্তোজা।
অন্যদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নাসির-উদ-দৌলা।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ সংক্রান্ত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গোলাম মোর্তোজার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে সচিব পদমর্যাদায় পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত পালন করতে হবে।
একইসঙ্গে নাসির-উদ-দৌলার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে।
উভয় নিয়োগের ক্ষেত্রেই অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
