ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এক ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতার বাড়িতে ৩০-৩৫ জনের একটি দল হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার পরিবারের দুই সদস্য গুলিবিদ্ধ হন।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।
গুলিবিদ্ধ দুজন হলেন—কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের বাসিন্দা নুর আলমের ছেলে রিপাই মাহমুদ লিয়ন (১৭) ও শ্বশুর হাজি আলম (৭০)। নুর আলম তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
বালু ব্যবসায়ী নুর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।’
পুলিশ জানিয়েছে, হাজি আলম বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। লিয়নও সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়।
নুর আলম বলেন, ‘স্লোগান দিতে দিতে ৩০-৩৫ জন আমাদের বাড়িতে গিয়ে প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। হইচই শুনে আমি ছেলেকে নিয়ে দোতলা বাড়ির ছাদে যাই। এ সময় লিয়ন গুলিবিদ্ধ হয়।’
‘পরে হামলাকারীরা প্রধান ফটক ভেঙে বাড়ির ভেতরে ঢুকে একটি গাড়িতে আগুন দেয় এবং আরও দুটি গাড়ি ভাঙচুর করে’, বলেন তিনি।
নুর আলম আরও বলেন, ‘হামলাকারীরা দোতলায় গিয়ে আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর প্রায় ৩০-৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা ছাদ থেকে সাহায্যের জন্য চিৎকার করে প্রতিবেশীদের সহযোগিতা চায়। কিন্তু কেউ সাড়া দেননি।’
তিনি বলেন, ‘হামলার পেছনে জড়িত ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
ওসি ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোরে বাড়িতে গুলির ঘটনা ঘটলেও আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। ঘটনার সময় কেউ আমাদের জানায়নি। কারা গুলি করেছে এবং কেন, তা তদন্ত করছে পুলিশ।’
