চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার ছয় মাসের চুক্তি পেতে দরপত্র জমা দিয়েছে চার প্রতিষ্ঠান।
দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বার্থ অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিএন্ডএম-ওশেনিয়া জয়েন্ট ভেঞ্চার (জেভি), শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
বন্দর কর্তৃপক্ষের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস চট্টগ্রাম বন্দরের পুরোনো টার্মিনাল জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ছয়টি কনটেইনার জেটির একটির পরিচালনার দায়িত্বে রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম দ্য ডেইলি স্টারকে বলেন, গত মঙ্গলবার সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) ছয় মাসের জন্য সিসিটি পরিচালনায় অপারেটর নিয়োগের দরপত্র আহ্বান করা হয়। নির্বাচিত প্রতিষ্ঠান আগামী ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৩ মে পর্যন্ত টার্মিনালে কনটেইনার ও কনটেইনারজাত পণ্য ওঠানো-নামানোর দায়িত্ব পালন করবে।
দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত দরপত্রের কাগজপত্র কেনার সুযোগ ছিল। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ দুপুর ১২টা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দরপত্র খোলা হয়।
সচিব রেফায়েত হামিম বলেন, দ্রুত দরপত্র মূল্যায়ন শেষে ২৩ নভেম্বরের মধ্যে নতুন অপারেটর নিয়োগ দেওয়া হবে।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের পরিচালক শাহাদাত হোসেন সেলিম ডেইলি স্টারকে জানান, অংশগ্রহণকারী দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হয়েছে। সেখানে উপস্থিত প্রতিনিধির কাছ থেকে তিনি জানতে পেরেছেন, তাদের প্রতিষ্ঠানের প্রস্তাবিত দরই সর্বনিম্ন ছিল। তবে আর্থিক ও কারিগরি প্রস্তাব মূল্যায়ন শেষে বন্দর কর্তৃপক্ষ নতুন অপারেটর নিয়োগ দেবে।
এর আগে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে সিসিটি পরিচালনার ছয় বছর মেয়াদি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।
গত ২ নভেম্বর চুক্তির মেয়াদ শেষ হয়। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে আরও তিন সপ্তাহ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এই মেয়াদ আগামী ২৩ নভেম্বর শেষ হবে।
এদিকে, সিসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে সরকার।
