সুপ্রিম কোর্ট প্রশাসন পুরো প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করেছে। নির্ধারিত গেট দিয়ে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা সীমিত করার পাশাপাশি আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনের সই করা ১৯ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য শুধু মাজার গেট এবং বাংলাদেশ বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করা যাবে।
ন্যায় সরণি গেট দিয়ে শুধু আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। আর প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়েছে, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের প্রাঙ্গণে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রবেশপথে চাইলে তা দেখাতে হবে।
এ ছাড়া, প্রবেশপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন হলে দর্শনার্থীদের তল্লাশি করতে পারবেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে এবং নিরাপত্তাব্যবস্থাগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন রেজিস্ট্রার জেনারেল।
