নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড এবং জাতীয় ঐক্যের নতুন আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।
আজ রোববার দুপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মধ্যাহ্নভোজের সময় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তুষার বলেন, দলটি প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে। তবে চার সদস্যের প্রতিনিধি দলের সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে ফেরার পর প্রতিনিধি দলের সদস্য নির্বাচন করা হবে।
‘আমাদের আলোচনার মূল বিষয় হবে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন বিএনপির ছাড় দেওয়ার বিষয়টি। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিও জানাব আমরা,’ বলেন তিনি।
তুষার বলেন, এনসিপি মনে করে, এসব বিষয়ের পাশাপাশি আওয়ামী লীগকে দলটির ভাষায় ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনাও জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।
গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে উল্লেখ করে তিনি এ আহ্বান জানান।
