Homeসারাদেশবিয়ারিং প্যাডে ত্রুটি, পুরোনো মেঘনা-গোমতী সেতুতে যান চলাচল বন্ধ

বিয়ারিং প্যাডে ত্রুটি, পুরোনো মেঘনা-গোমতী সেতুতে যান চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। নিয়মিত পরিদর্শনের সময় সেতুর স্টিল বিয়ারিং অ্যাসেম্বলির কয়েকটি নাট ঢিলা পাওয়া গেলে বিকেল ৫টা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আজ রোববার রাতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ওয়ালিউর রহমান।

তিনি জানান, স্টিল বিয়ারিংয়ের একটি অংশ আটকে রাখার নাটগুলো ঢিলা হয়ে গিয়েছিল। ভারী যানবাহন চলাচলের কারণে এমনটি হতে পারে।

ওয়ালিউর রহমান বলেন, ‘সেতুটি বেশ পুরোনো। আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। তাই সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে পাশের নতুন সেতু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি।’

তিনি আরও জানান, মেরামতের কাজ শেষ করে দুই থেকে তিন দিনের মধ্যে পুরোনো সেতুটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা করছেন তারা।

সওজ জানিয়েছে, আপাতত চালকদের পাশের চার লেনের নতুন সেতু ব্যবহার করতে বলা হয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম উভয় দিকের যানবাহন এই সেতু দিয়ে চলাচল করছে।

১৯৯৪ সালের নভেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পুরোনো মেঘনা-গোমতী সেতু। কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর ওপর নির্মিত এই সেতু দিয়ে সাধারণত চট্টগ্রামমুখী যানবাহন চলাচল করে। অন্যদিকে, পাশের নতুন সেতুটি দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে।

RELATED ARTICLES

Most Popular