Homeসারাদেশফরিদপুরে কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরে কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা করা হয়েছে।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ভাঙ্গা থানায় মামলাটি করেন। সন্ত্রাসবিরোধী আইনের ছয়টি ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

রোববার ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে। এ ছাড়া তার ৯৫ জন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১৭ নভেম্বর ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজু মোল্লাকে হত্যা করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রধান আসামি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের নির্দেশনা ও অর্থায়নে অন্য আসামিরা ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাদের হাতে সড়কি, কাতরা, রামদা, চাপাতি ও ককটেল বোমাসহ দেশীয় অস্ত্র ছিল।

এজাহারে আরও বলা হয়, রাত পৌনে ৮টার দিকে আসামিরা বাদীর স্বামী রাজু মোল্লাকে মোটরসাইকেলসহ আটকান। এ সময় পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে রাজুর কোমরের ডান পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আসামিদের কয়েকজন এসময় রাজুকে মারধর করেন।

পরে রাত ৯টার দিকে রাজুকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মোহাম্মদ মিজানর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular