Homeসারাদেশআসিয়ান ও আরসিইপির জন্য বাংলাদেশকে সমর্থন দেবে থাইল্যান্ড

আসিয়ান ও আরসিইপির জন্য বাংলাদেশকে সমর্থন দেবে থাইল্যান্ড

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দেওয়ার আকাঙ্ক্ষা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার উদ্যোগে সমর্থন পুনর্ব্যক্ত করেছে থাইল্যান্ড।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে থাইল্যান্ডের পক্ষ থেকে ওই সমর্থনের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০২৭ সালে দুই দেশের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী হুমায়ুন। সফরের প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ (কানেক্টিভিটি) এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশি নাগরিক, বিশেষ করে মেডিকেল ভিসার আবেদনকারীদের প্রতি থাইল্যান্ডের সহায়তার প্রশংসা করে প্রতিমন্ত্রী থাইল্যান্ডে নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয় এমন রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা ব্যবস্থা সহজ করার জন্য থাই সরকারের প্রতি অনুরোধ জানান।

রাষ্ট্রদূত তাকে আশ্বস্ত করেন, প্রয়োজন অনুযায়ী রোগীদের এ ধরনের ভিসা দেওয়া হবে।

আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের আবেদন এবং আরসিইপিতে যোগদানের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী হুমায়ুন থাইল্যান্ডকে ধন্যবাদ জানান।

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বরের রায়ের কথা উল্লেখ করে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ ভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।

থাই রাষ্ট্রদূত এসব বিষয়ে তার দেশের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

RELATED ARTICLES

Most Popular