তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের কাছে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। তবে আগে শ্রমিকপক্ষের প্রতিনিধির দেওয়া প্রস্তাবের সঙ্গে এর বড় ধরনের ব্যবধান রয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার তৃতীয় সভার মধ্যেই বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি একটি প্রস্তাব জমা দিয়েছেন। তবে প্রস্তাবিত অর্থের পরিমাণ কত তা তিনি প্রকাশ করতে রাজি হননি।
তিনি জানান, সভা চলবে। আগামীকাল বর্ধিত বৈঠকে একটি সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, উভয়পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান অনেক বেশি, তাই একটি ঐকমত্যে পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন।
তিনিও মালিকদের প্রস্তাবিত মজুরির তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
এর আগে শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাক শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব করেছিলেন।
দ্য ডেইলি স্টারের আগের এক প্রতিবেদনে বিজিএমইএর দুই নেতার বরাত দিয়ে বলা হয়েছিল যে, কারখানা মালিকরা ন্যূনতম মজুরি হিসেবে ১৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব করতে পারেন।
