গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।
আজ সোমবার সকাল ১১টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
যোগাযোগ করা হলে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে দ্রুত তাদের সরিয়ে দেওয়া হয়।
‘ওই এলাকার পাঁচটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ,’ বলেন তিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকেরা সড়কের এক পাশে অবস্থান করছেন।
