Homeস্পোর্টসআট কারণে উদ্বোধনের আগেই ‘লেজেগোবরে’ সাফ

আট কারণে উদ্বোধনের আগেই ‘লেজেগোবরে’ সাফ

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের বাঁশি বাজার আগেই চারদিকে হযবরল অবস্থা। টিকিটের আকাশচুম্বী দাম, লজিস্টিকসের লেজেগোবরে অবস্থা আর প্রচার-প্রচারণার নামগন্ধ না থাকা—সব মিলিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।

অনভিজ্ঞ এজেন্সির হাতে দায়িত্ব, দায় এড়িয়ে বাফুফে

এবার টুর্নামেন্টের সব কমার্শিয়াল রাইটস বা বাণিজ্যিক সত্ত্ব ‘টিএএস স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামের বাংলাদেশের এক অখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের কাছে বিক্রি করেছে সাফ।

পুরো টুর্নামেন্টের আয়োজন, প্রচার-প্রচারণা, দলগুলোর থাকা-খাওয়া ও যাতায়াত এবং টিকিটের দাম নির্ধারণ থেকে শুরু করে বিক্রি—সবকিছুর মূল কলকাঠি নাড়ছে এই প্রতিষ্ঠানটিই।

অন্যদিকে এসব অব্যবস্থাপনার মুখ থেকে নিজেদের ধুয়ে মুছে পরিষ্কার রাখতে চাইছে বাফুফে। স্থানীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সাফ সাফ জানিয়ে দিয়েছে, আয়োজকদের কেবল লজিস্টিক সহায়তা দেওয়াই তাদের কাজ; মূল দায় তাদের নয়!

টিকিটের দাম আকাশছোঁয়া, গ্যালারিতে খরার শঙ্কা

হামজা চৌধুরী লাল-সবুজের জার্সিতে খেলা শুরু করার পর থেকেই দেশের ফুটবলে এক নতুন হাওয়া বইছিল, স্টেডিয়ামে বাড়ছিল দর্শকের সাড়া।

কিন্তু সাফের টিকিট সর্বনিম্ন ১,০০০ টাকা হাঁকাতেই সেই উৎসাহে বিষাদের ছায়া। সমর্থকরা তো চটেছেনই, যার প্রমাণ মিলেছে টিকিট বিক্রির চিত্রে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান আর এরপরই ভুটানের সঙ্গে বাংলাদেশের খেলা, অথচ তার আগের দিনও অধিকাংশ টিকিট অবিক্রিতই থেকে গেছে।

খেলা শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে আয়োজকরা ১০০ জন শিক্ষার্থীর জন্য ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেয়। তবে এত কম সময়ে এই ‘টিপছাপ’ ছাড়ে টিকিটের চড়া দাম নিয়ে ক্ষোভ কমেনি বললেই চলে।

প্রচার-প্রচারণার ‘নাই’ ছটা

২০১৮ সালের পর এই প্রথম সাফের আয়োজক বাংলাদেশ, অথচ দেখে বোঝার উপায় নেই। শহরজুড়ে ফুটবল উৎসবের কোনো হাওয়াই ভাসছে না।

বাফুফে আর সাফ—দুই পক্ষই প্রচারণায় পুরোপুরি কাঁচকলা দেখিয়েছে। রাজধানীতে ব্যানার-ফেস্টুনের দেখা মেলেনি বললেই চলে। এমনকি উদ্বোধনের আগের দিন পর্যন্ত ভেন্যুতে তাড়াহুড়ো করে কাজ চালাতে দেখা গেছে। এমনকি টিম বাসেরও কোন ব্র্যান্ডিং করা হয়নি। 

দল আসার সূচি নিয়ে ধোঁয়াশা, বিমানবন্দরে লঙ্কাকাণ্ড

পাঁচটি সফরকারী দল কবে নামছে, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সংবাদমাধ্যমকে আঁধারে রাখা হয়।

২ নভেম্বরে প্রথম দল হিসেবে পা রাখে ভুটান। পরদিন আসে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন ঢিমেতালে এসে পৌঁছায় মালদ্বীপ।

এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই চরম ভোগান্তিতে পড়ে শ্রীলঙ্কা দল। সমন্বয়হীনতা আর লজিস্টিকসের গোলমালে বিমানবন্দরেই তাদের পার করতে হয় দীর্ঘ ৩ ঘণ্টার বেশি সময়।

তার আগে ভুটান দলের ফুটবলারদের ‘অন-অ্যারাইভাল’ ভিসার আনুষ্ঠানিকতা সারতেই কেটে যায় প্রায় দুই ঘণ্টা।

ভারতের মুখোমুখি হওয়ার আগেই ব্যাকফুটে পাকিস্তান

৩ নভেম্বর ঢাকায় পা রাখলেও পাকিস্তান দল অনুশীলনে নামতে পারেনি। কারণ, কাতার থেকে তাদের খেলার সরঞ্জাম ও লাগেজ গায়েব! ট্রানজিটে দোহাতেই রয়ে যায় দলের ব্যাগপ্যাক।

ফলে ভারতের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশে কোনো অনুশীলন ছাড়াই সরাসরি মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে।

উদ্বোধনের ট্রফিটাই ‘নিখোঁজ’!

যে কোনো বড় টুর্নামেন্টের আগে ট্রফি উন্মোচন করাটা নিয়ম। কিন্তু বুধবার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলেও সেখানে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফিটারই কোনো পাত্তা ছিল না!

তার ওপর দল এসে না পৌঁছানোয় সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিল মালদ্বীপের কোনো প্রতিনিধিও।

চূড়ান্ত দল দিতেও বাফুফের ঢিলেমি

টুর্নামেন্ট শুরুর আর কয়েক ঘণ্টা বাকি, অথচ আয়োজক বাংলাদেশই তাদের চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করতে পারেনি!

প্রাথমিকভাবে ২৮ জনের স্কোয়াড ডাকা হলেও ইনজুরির কারণে ছিটকে যান রোনান সুলিভান। আর চূড়ান্ত দলে জায়গা না পাওয়ার খবর পেয়ে ক্যাম্প ছেড়ে যান ইশা ফয়সাল। আয়োজন যখন দরজায় কড়া নাড়ছে, তখনো বাফুফে বা টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক দল প্রকাশ না করে রহস্য ধরে রেখেছে।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও অমাবস্যার অন্ধকার

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেবের (ডিজে সঞ্জয়)। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেওয়া হয়েছিল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে।

তবে অনুষ্ঠান কতক্ষণ চলবে, কারা অতিথি হিসেবে থাকবেন কিংবা কী কী আয়োজন থাকবে—তা নিয়ে বাফুফে বা সাফ কেউ-ই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত মুখ খোলেনি।

সব মিলিয়ে এমন এক যাচ্ছেতাই আয়োজন ও শীতল আমেজের মধ্যে শুরু হচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। পেছনের এই এত এত লেজেগোবরে দশা সামলে শেষ পর্যন্ত আয়োজকরা টুর্নামেন্টটি সফলভাবে নামাতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

 

RELATED ARTICLES

Most Popular