Homeস্পোর্টসক্যারিক বরখাস্ত, ম্যানইউর দায়িত্ব পাওয়ার পথে পচেত্তিনো

ক্যারিক বরখাস্ত, ম্যানইউর দায়িত্ব পাওয়ার পথে পচেত্তিনো

গত মৌসুমে দায়িত্ব নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন মাইকেল ক্যারিক। ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে শেষ করেছিল দল। তবে নতুন মৌসুমে সেই সাফল্যের ছিটেফোঁটাও ধরে রাখতে পারেননি সাবেক এই মিডফিল্ডার। ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর পর অবনমন অঞ্চলে নেমে গেছে ইউনাইটেড। শেষ পর্যন্ত চাকরিটাই হারাতে হলো ক্যারিককে। তার জায়গায় দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনো।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্যারিককে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে রয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে জয় পেয়েছে মাত্র তিনটিতে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করছে, ছেলেদের মূল দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন মাইকেল ক্যারিক।’

গত জানুয়ারিতে রুবেন আমোরিমকে বরখাস্ত করার পর ক্যারিককে দায়িত্ব দিয়েছিল ইউনাইটেড। তার অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল। মৌসুমের বাকি ১৭ ম্যাচের ১২টিতে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করে তৃতীয় স্থানে। ওই সময়ে লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছিল ইউনাইটেড।

সেই সাফল্যের কথাও বিবৃতিতে উল্লেখ করেছে ক্লাবটি। তবে চলতি মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সের কারণে পরিবর্তন ছাড়া বিকল্প দেখছে না তারা।

ইউনাইটেডের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মৌসুমের হতাশাজনক শুরুর পর ক্লাব অত্যন্ত কঠিন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, আমাদের লক্ষ্য অর্জনের জন্য পরিবর্তন প্রয়োজন।’

গত রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ম্যাচে ৪-৪ গোলে ড্র করেছিল ইউনাইটেড। সেটিই হয়ে থাকল ক্যারিকের অধীনে দলের শেষ ম্যাচ। ওই ম্যাচের পর অবশ্য দায়িত্ব ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছিলেন তিনি।

কিন্তু ক্লাবের কর্তাব্যক্তিরা আর অপেক্ষা করতে রাজি হননি। জানা গেছে, বুধবার মোনাকোয় এক বৈঠকে ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম মালিক জিম র‍্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স।

চলতি মৌসুমে ইউনাইটেডের ব্যর্থতার পেছনে দলবদলের বাজারে প্রত্যাশামতো খেলোয়াড় আনতে না পারার বিষয়টিও আলোচনায় এসেছে। পাশাপাশি ড্রেসিংরুমের শৃঙ্খলা ধরে রাখতেও হিমশিম খেয়েছেন ক্যারিক।

চ্যাম্পিয়ন্স লিগে অভিষিক্ত কোমোর কাছে ৪-১ গোলে হারের পর কোচের কৌশলের সমালোচনা করেছিলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এরপর তাকে দল থেকে বাদ দেন ক্যারিক। অন্যদিকে মানসম্মত খেলোয়াড় না কেনায় ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসও।

ক্যারিকের বিদায়ের পর নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন পচেত্তিনো। বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে থাকা আর্জেন্টাইন এই কোচ এর আগে প্রিমিয়ার লিগে সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পার ও চেলসিকে কোচিং করিয়েছেন। ফরাসি ক্লাব পিএসজির দায়িত্বেও ছিলেন তিনি।

মাত্র তিন মাস আগে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন পচেত্তিনো। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে আগ্রহী তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের খবর, বুধবারই পচেত্তিনোর সঙ্গে নীতিগতভাবে মৌখিক সমঝোতায় পৌঁছেছে ইউনাইটেড। যদিও তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

 

RELATED ARTICLES

Most Popular