১৯৯৮ সালের কথা। পৃথিবীর নানা প্রান্তে তখন এক তরুণ অভিনেতাকে নিয়ে আলোচনা। সিনেমার পর্দায় তার নাম জ্যাক ডসন। আর বাস্তবে লিওনার্দো ডিক্যাপ্রিও। টাইটানিক মুক্তির পর রাতারাতি বদলে যায় তার জীবন।
সিনেমাটি কেবল বক্সঅফিসে রেকর্ড গড়েনি, ডিক্যাপ্রিওকে বিশ্বজুড়ে কোটি মানুষের স্বপ্নের নায়ক হিসেবে খ্যাতি এনে দিয়েছিল। তাকে একনজর দেখতে ভক্তদের ভিড় জমত। সংবাদমাধ্যম অনুসরণ করত তার প্রতিটি পদক্ষেপ। ডিক্যাপ্রিওর ব্যক্তিগত জীবনও হয়ে উঠেছিল জনসাধারণের আলোচনার বিষয়।

কিন্তু জ্যাক ডসন হয়ে ওঠার এই খ্যাতি ডিক্যাপ্রিওর জন্য কতটা সহজ ছিল?
১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের টাইটানিক তাকে যে জনপ্রিয়তা এনে দেয়, তার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না।
২০০০ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সিনেমাটির পর সবকিছু তার কাছে অবাস্তব মনে হয়েছিল। বিমানবন্দরে এক ভক্ত তার পা জড়িয়ে ধরেছিলেন। ঘটনাটি তাকে বিটলসের উন্মত্ত ভক্তদের কথা মনে করিয়ে দিয়েছিল।
তখন খ্যাতির সঙ্গে নিজের সম্পর্কে ভেবেছিলেন তিনি। তার স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা ছিল। কিন্তু যতই স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন, ততই বুঝেছেন, জনপ্রিয়তার কারণে জীবনের কিছু জায়গায় ছাড় দিতে হচ্ছে।

২০০২ সালে এবিসি নিউজের ২০/২০ অনুষ্ঠানে বারবারা ওয়াল্টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি আরও স্পষ্ট করেন ডিক্যাপ্রিও। তিনি বলেন, খ্যাতি সামলানোর কোনো নির্দেশিকা নেই। কেউ যখন অনিচ্ছা সত্ত্বেও পত্রিকার প্রচ্ছদে চলে আসেন, ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শুরু হয়, তখন কীভাবে পরিস্থিতি সামলাতে হয়, তা শেখানোর কেউ থাকে না।
তার ভাষায়, এ বিষয়ে কথা বলার মতো কাউকেও তিনি পাননি।
তবে খ্যাতির জন্য অভিনয় থেকে দূরে সরে যাননি। বরং পরবর্তী কাজগুলোতে এমন চরিত্র বেছে নেন, যেগুলো তাকে জ্যাক ডসনের পরিচয়ের বাইরে নিয়ে যেতে পারে।
২০০০ সালে ড্যানি বয়েলের দ্য বিচ-এ অভিনয় করেন। সেখানে তিনি পর্যটকদের ভিড় থেকে দূরে এক নির্জন দ্বীপের খোঁজে থাকা তরুণ রিচার্ড।

২০০২ সালে স্টিভেন স্পিলবার্গের ক্যাচ মি ইফ ইউ ক্যান-এ বাস্তবের প্রতারক ফ্র্যাঙ্ক অ্যাবাগনেলের চরিত্রে অভিনয় করেন।
একই বছর মার্টিন স্করসেজির গ্যাংস অফ নিউ ইয়র্ক-এ দেখা যায় তাকে। এরপর দ্য অ্যাভিয়েটর (২০০৪), দ্য ডিপার্টেড (২০০৬) ও ব্লাড ডায়মন্ড (২০০৬)-এর মতো সিনেমায় তার অভিনয় নতুন করে আলোচনায় আসে।
এখানে একটি বিষয় লক্ষ করার মতো। টাইটানিক তাকে তারকা বানিয়েছিল। কিন্তু তিনি সেই পরিচয়ের ওপর নির্ভর করে থাকতে চাননি। ২০০৪ সালে ভ্যানিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দর্শক যখন একজন শিল্পী সম্পর্কে অতিরিক্ত জেনে ফেলেন, তখন পর্দায় তাকে অন্য চরিত্রে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। তার আশঙ্কা ছিল, অতিরিক্ত পরিচিতি একজন অভিনেতার কাজের রহস্য নষ্ট করে দিতে পারে।

এই ভাবনা তার পরবর্তী ক্যারিয়ারের সঙ্গেও মিলে যায়। ২০১৩ সালে স্করসেজির দ্য উয়োলফ অফ ওয়াল স্ট্রিট-এ জর্ডান বেলফোর্টের চরিত্রে অভিনয় করেন। সিনেমায় তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও সামলে নেন।
২০১৫ সালে আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর দ্য রেভেনেন্ট-এ হিউ গ্লাসের চরিত্রে অভিনয় করেন। দীর্ঘদিনের অপেক্ষার পর ২০১৬ সালে এই সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে প্রথম অস্কার পান তিনি।
এর আগে হোয়াট’স ইটিং গিলবার্ট গ্র্যাপ (১৯৯৩), দ্য অ্যাভিয়েটর, ব্লাড ডায়মন্ড এবং দ্য উয়োলফ অফ ওয়াল স্ট্রিট-এর জন্যও অস্কার মনোনয়ন পেয়েছিলেন।

আজ ১১ নভেম্বর, ডিক্যাপ্রিওর ৫২তম জন্মদিন। তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি নানা চরিত্রে দর্শকের সামনে এসেছেন। কখনো রোমান্টিক নায়ক, কখনো প্রতারক, কখনো ব্যবসায়ী, আবার কখনো বেঁচে থাকার লড়াইয়ে নামা এক মানুষ। তবু জ্যাক ডসনকে ভুলে যাওয়া সহজ নয়। কারণ চরিত্রটি শুধু একটি সিনেমার অংশ হয়ে থাকেনি। একটি প্রজন্মের স্মৃতিতে জায়গা করে নিয়েছে। ডিক্যাপ্রিওর গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক সম্ভবত অন্যখানে। যে চরিত্র তাকে বিশ্বের কাছে পরিচিতি দিয়েছিল, সেই চরিত্রের ছায়া থেকে বেরিয়ে নিজের অভিনয়জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টাই তাকে আজও সবার আলোচনায় রেখেছে। তাই তো তিনি আমাদের কাছে ডিক্যা‘প্রিয়’।
