ব্যাট হাতে দলের চরম ধসের মাঝেও ক্রিজে অবিচল ছিলেন লিটন দাস। বাকিরা ফিরে গেলেও ৩৪ রানে অপরাজিত থেকে যান তিনি। তবে ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে না বাংলাদেশের কিপারকে। তার বদলে উইকেট কিপিং করছেন বদলি কিপার জাকের আলী অনিক।
লিটনের কিপিং না করা নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় কনুইয়ে আঘাত পান লিটন দাস। ডান কনুইয়ের সেই চোটের কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বিকল্প উইকেটকিপার হিসেবে ফিল্ডিং করছেন জাকের আলী অনিক।’
মিরপুর টেস্টে চোটের শঙ্কার মাঝে খেলতে নামেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের পর হিপ জয়েন্টের চোটে পড়ে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যান তিনি। এই চোটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। যদিও শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত অনুশীলনে ফিরে স্বস্তি দেন দলকে। খেলতেও নামেন ফিট হয়ে।
এবার নতুন করে চোটে পড়ায় বাংলাদেশ দল পড়ল বিপাকে। কিপিং না করলেও দ্বিতীয় ইনিংসে লিটন ব্যাট করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
