Homeআন্তর্জাতিকপানির সংস্পর্শে ক্ষতিকর অণু তৈরি করতে পারে মাইক্রোপ্লাস্টিক, আরও যা বলছে গবেষণা

পানির সংস্পর্শে ক্ষতিকর অণু তৈরি করতে পারে মাইক্রোপ্লাস্টিক, আরও যা বলছে গবেষণা

ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকে লুকিয়ে থাকা নতুন এক ‘রাসায়নিক বিপদের’ সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। পানির সংস্পর্শে এলেই এসব কণা এমন কিছু অণু তৈরি করতে পারে, যা জীবদেহের ক্ষতি করতে পারে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের এক গবেষণার বরাতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞান সাময়িকী সায়েন্সডেইলি। গবেষণাপত্রটি ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এই সময়ে প্লাস্টিক আমাদের নিত্যদিনের অপরিহার্য অনুষঙ্গ। খাবারের প্যাকেট, পানির বোতল থেকে শুরু করে শিশুদের খেলনা, সবকিছুতেই প্লাস্টিক ব্যবহার করা হয়। এর বড় কারণ, প্লাস্টিককে রাসায়নিকভাবে স্থিতিশীল বলে মনে করা হয়।

তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক ভেঙে অতি ক্ষুদ্র কণায় পরিণত হলে বিষয়টি আর এরকম থাকছে না। দেখা যাচ্ছে এক ‘বিপজ্জনক’ প্রবণতা।

প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিক এবং এর চেয়েও ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিকে পরিণত হলে এটি আরও অধিক পরিমাণে বাহ্যিক পরিবেশের সংস্পর্শে আসে। বিজ্ঞানীরা এখন জানতে পেরেছেন, নতুন করে উন্মুক্ত হওয়া মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক পানির সঙ্গে মিলে অপ্রত্যাশিতভাবে এমন কিছু সক্রিয় অণু তৈরি করে, যা জীবন্ত কোষের ক্ষতি করতে পারে।

কলম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষকরা এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট রাসায়নিক প্রক্রিয়াগুলো চিহ্নিত করেছেন।

নেচার সাময়িকীতে প্রকাশিত তাদের এই গবেষণার ফলাফল মাইক্রোপ্লাস্টিককে নিছক ‘নিষ্ক্রিয় পদার্থের ক্ষুদ্র টুকরা’ হিসেবে বিবেচনা করার দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

কলম্বিয়া ইউনিভার্সিটির রসায়ন ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ওয়েই মিন বলেন, ‘প্লাস্টিক ভেঙে ক্রমেই ছোট থেকে আরও ছোট কণায় পরিণত হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিপুলভাবে বেড়ে যায়। তখন মাইক্রোপ্লাস্টিক তার চারপাশের পানিকে বদলে দেয় এবং উচ্চ শক্তিসম্পন্ন, বিক্রিয়াশীল র‍্যাডিক্যাল (রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস বা আরওএস) তৈরি করে। মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার ফলে প্রাণীদেহে যে জৈবিক ক্ষতি দেখা যায়, তাতে এই র‍্যাডিক্যালগুলোর ভূমিকা থাকার সম্ভাবনা অনেক বেশি।’

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক কেন বিপজ্জনক হতে পারে

এই আবিষ্কার মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের পর কী ঘটে, তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। রক্ত ও কোষে প্রচুর পরিমাণে পানি থাকে। এর ফলে মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে পানির  রাসায়নিক বিক্রিয়া ঘটার অনুকূল পরিবেশ তৈরি হয়।

এ ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার পরিবর্তে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে আরওএস তৈরি করতে পারে। অত্যন্ত সক্রিয় এসব অণু কোষ ও টিস্যুর বিভিন্ন উপাদানসহ জৈবিক কাঠামোর ক্ষতি করতে পারে। মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ক্ষতিকর প্রভাবের সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছে এই গবেষণা।

তবে এই প্রক্রিয়ার কারণে মানুষের নির্দিষ্ট কোনো রোগ হয় কি না, তা গবেষণায় প্রমাণিত হয়নি।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন, নেচার মেডিসিন ও নেচার হেলথের মতো শীর্ষস্থানীয় বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে আসার সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডিমেনশিয়া ও মস্তিষ্কের টিউমারের মতো গুরুতর স্বাস্থ্যসমস্যার সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে।

তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এতদিন পাওয়া যায়নি। প্লাস্টিককে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলে বিবেচনা করা হলে এর অতি ক্ষুদ্র কণাগুলো কীভাবে জীবদেহের ক্ষতি করতে পারে?

নতুন গবেষণায় এতদিন সবার নজর এড়িয়ে যাওয়া রাসায়নিক প্রক্রিয়া শনাক্ত করা হয়েছে। সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিগুলো বুঝতে এটি গবেষকদের সহায়তা করতে পারে।

এই গবেষণায় অন্যদের পাশাপাশি অংশ নেন পোস্টডক্টরাল গবেষক নাইশিন কিয়ান।

তিনি বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক পানির সংস্পর্শে এলে, বোতলজাত পানিতে থাকা অবস্থায় কিংবা আমাদের রক্তপ্রবাহে প্রবেশ করার পর স্বতঃস্ফূর্তভাবে আরওএস তৈরি করে।’

‘আরওএস এমন এক অণু, যা প্রাণী ও মানুষের টিস্যুর ক্ষতি করতে পারে’, যোগ করেন তিনি।

এই আবিষ্কারের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হলো, রাসায়নিক বিক্রিয়ায় পানি সক্রিয় ভূমিকা পালন করে।

নিরাপদ প্লাস্টিক তৈরির পথ দেখাতে পারে এই আবিষ্কার

এই রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা গেলে ভবিষ্যতে বিজ্ঞানীরা হয়তো এমন প্লাস্টিক উদ্ভাবন করতে পারবেন, যা পানির সংস্পর্শে এলে ক্ষতিকর সক্রিয় অণু তৈরি করার ঝুঁকি কমাবে।

মাইক্রোপ্লাস্টিক আশপাশের পানির রাসায়নিক বৈশিষ্ট্য সক্রিয়ভাবে বদলে দিতে পারে—এমন তথ্য সামনে এনে প্লাস্টিক দূষণ নিয়ে উদ্বেগের নতুন মাত্রা যোগ করেছে এই গবেষণা। একইসঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এসব কণা জীবদেহের সঙ্গে কীভাবে মিথস্ক্রিয়া করে, তা অনুসন্ধানের একটি সম্ভাব্য প্রক্রিয়া চিহ্নিত করেছে। এর ফলে পরিবেশ ও স্বাস্থ্যের ওপর মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি কমানোর কৌশল তৈরির পথও খুলতে পারে।

RELATED ARTICLES

Most Popular