২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের রেশ কাটতে না কাটতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক এক রেকর্ডের সামনে দাঁড়িয়েছেন হ্যারি কেইন। মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে জালের দেখা পেলেই ক্রিস্তিয়ানো রোনালদোর একটি কীর্তি ছুঁয়ে ফেলবেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ডটি এখন রয়েছে পর্তুগিজ মহাতারকার দখলে।
গত সপ্তাহে বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতার পর নিজের প্রথম ম্যাচে চেনা ছন্দে ছিলেন না ৩৩ বছর বয়সী কেইন। গত শনিবার জার্মান বুন্ডেসলিগায় ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বায়ার্ন। সেই ম্যাচে একটি পেনাল্টি মিস করেন কেইন। তাছাড়া, তার একটি শট ক্রসবারে লেগেও বাধা পায়। তবে দায়োত উপামেকানোর গোলে অ্যাসিস্ট করে দলের শীর্ষস্থান ধরে রাখতে অবদান রাখেন তিনি।
সমান ৮ ম্যাচ খেলে পাঁচটি জয় ও তিনটি ড্রয়ে সমান ১৮ পয়েন্ট অর্জন করেছে বায়ার্ন ও ডর্টমুন্ড। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে বাভারিয়ানিরা।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অবশ্য ফর্মের চূড়ায় থেকে একের পর এক গোল করে যাচ্ছেন কেইন। গত মাসে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি। তাতেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা ১০ ম্যাচে গোল করার বিরল নজির স্থাপন করেন কেইন। এই ধারা শুরু হয়েছিল গত জানুয়ারিতে ইউনিয়ন এসজির বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ১০ ম্যাচে মোট ১৩টি গোল করেছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
এখন চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর (১৪০ গোল) একটি রেকর্ড স্পর্শ করা থেকে মাত্র ৯০ মিনিট দূরে দাঁড়িয়ে আছেন কেইন। ২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে টানা ১১ ম্যাচে জাল খুঁজে নিয়েছিলেন সিআর সেভেন। তিনি গোল করেছিলেন মোট ১৭টি।
চ্যাম্পিয়ন্স লিগের ২০১৬-১৭ মৌসুমের ফাইনালে ইউভেন্তাসের বিপক্ষে তৎকালীন ক্লাব রিয়াল মাদ্রিদের ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল দিয়ে শুরু হয়েছিল রোনালদোর অপ্রতিরোধ্য যাত্রা। এরপর ২০১৭-১৮ মৌসুমের গ্রুপ পর্বের ছয়টি ম্যাচেই গোল করেন তিনি। শেষ ষোলোতে পিএসজি এবং কোয়ার্টার ফাইনালে ইউভেন্তাসের বিপক্ষে দুই লেগেও গোল করেন এই ফরোয়ার্ড। কাকতালীয়ভাবে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেই প্রথম লেগে গোলহীন থাকার মাধ্যমে তার সেই অসামান্য ধারার ইতি ঘটেছিল।
কেইনের সাম্প্রতিক ফর্ম বলছে, ৪১ বছর বয়সী রোনালদোর রেকর্ডটি এখন বড় হুমকির মুখে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১০টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে চারটি গোল ও দুটি অ্যাসিস্ট।
২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নতুন রূপ দেখা যাচ্ছে কেইনের। প্রতিযোগিতার সর্বকালের সেরা গোলদাতার তালিকায় ৫৮ গোল নিয়ে বর্তমানে আট নম্বরে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহাম হটস্পারের হয়ে ৩২ ম্যাচে ২১টি গোল করা এই স্ট্রাইকার বায়ার্নের জার্সিতে মাত্র ৪১ ম্যাচেই করে ফেলেছেন ৩৭টি গোল।
চ্যাম্পিয়ন্স লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার নজির:
১১: ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, ২০১৭-১৮)
১০: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ২০২৬-চলমান)
৯: রুদ ফন নিস্তলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০২-০৩)
৯: রবার্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ, ২০১৯-২০)
৯: রবার্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ, ২০২০-২১)
৮: ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, ২০১৩-১৪)
