Homeস্পোর্টসম্যানইউর আগ্রহে সাড়া নেই, বার্সাতেই থাকতে চান ফেরমিন

ম্যানইউর আগ্রহে সাড়া নেই, বার্সাতেই থাকতে চান ফেরমিন

ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নিতে আগ্রহী। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে নতুন করে শুরু হয়েছে দলবদলের আলোচনা। কিন্তু ফেরমিন লোপেজের ভাবনায় এসবের কোনো জায়গা নেই। বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার শুধু ক্যাম্প ন্যুতে থাকতেই চান না, এখানেই শেষ করতে চান নিজের ফুটবল ক্যারিয়ার।

শনিবার রাতে লা লিগায় আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচে রাফিনিয়া ও লামিনে ইয়ামাল দুটি করে গোল করলেও জয়ের অন্যতম নায়ক ফেরমিন। নিজে একটি গোল করার পাশাপাশি রাফিনিয়ার দুটি গোলেও সহায়তা করেছেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। ম্যাচে শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন তিনি।

চলতি মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন ফেরমিন। তার এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর, মাঝমাঠ শক্তিশালী করতে নতুন ফুটবলার খুঁজছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। সেই তালিকায় অন্যতম পছন্দ ফেরমিন। দীর্ঘদিন ধরেই স্প্যানিশ এই মিডফিল্ডারকে নজরে রেখেছে ইউনাইটেড।

তবে ফেরমিন নিজে দলবদলের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের খবরে আমি মনোযোগ দিই না। যত বেশি দিন সম্ভব বার্সেলোনায় থাকতে চাই। আশা করি, এই ক্লাবেই আমার ফুটবল ক্যারিয়ার শেষ করতে পারব।’

বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন ফেরমিন। একসময় তৃতীয় বিভাগের ক্লাব লিনারেসে ধারে খেলতে হয়েছিল তাকে। সেখান থেকে ফিরে ধীরে ধীরে বার্সেলোনার মূল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। হ্যান্সি ফ্লিকের অধীনে তার গুরুত্ব আরও বেড়েছে। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে গোল করার পাশাপাশি সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়ার দক্ষতায় নজর কাড়ছেন তিনি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ছয় গোল করেছেন ফেরমিন। সতীর্থদের দিয়েও করিয়েছেন একাধিক গোল।

ক্লাবটির সঙ্গে ফেরমিনের বর্তমান চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। ফলে তাকে দলে নিতে চাইলে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে চুক্তিগত বাধাও রয়েছে। তার ওপর খেলোয়াড় নিজেই যখন বার্সেলোনা ছাড়তে রাজি নন, তখন সম্ভাব্য দলবদল আরও কঠিন হয়ে উঠেছে।

অবশ্য ইউনাইটেডের আগ্রহের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাবের কথা জানা যায়নি। আপাতত বিষয়টি সংবাদমাধ্যমের প্রতিবেদনের মধ্যেই সীমাবদ্ধ।

RELATED ARTICLES

Most Popular