Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে ভিসা জটিলতা, শিক্ষার্থীদের নতুন গন্তব্যের কথা জানা গেল জরিপে

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে ভিসা জটিলতা, শিক্ষার্থীদের নতুন গন্তব্যের কথা জানা গেল জরিপে

বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা দেওয়ার নিয়ম এখন বেশ কঠোর হয়েছে। এ কারণে উচ্চশিক্ষার বৈশ্বিক মানচিত্রে পরিবর্তন আসছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো প্রথাগত জনপ্রিয় গন্তব্যের বিকল্প খুঁজছেন। তারা মূলত এশিয়া ও ইউরোপের মূল ভূখণ্ডের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে ঝুঁকছেন।

আজ বৃহস্পতিবার প্রকাশিত বৈশ্বিক বিশ্ববিদ্যালয় জরিপের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত স্থানীয় শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি টিউশন ফি দিয়ে থাকেন। ফলে তারা সংশ্লিষ্ট দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের আয়ের বড় একটি উৎস। এই অর্থ শিক্ষাদান ও গবেষণার ব্যয় মেটাতে সহায়তা করে।

স্টাডিপোর্টালস, নাফসা ও অক্সফোর্ড টেস্ট অব ইংলিশ ৬৩টি দেশের ৪৩৭টি বিশ্ববিদ্যালয়ের ওপর জরিপটি চালায়। জরিপে দেখা গেছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি কমেছে।

২০২৫ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ে আগের বছরের তুলনায় যুক্তরাজ্যে এ ধরনের শিক্ষার্থী ভর্তি কমেছে ১৯ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ১৩ শতাংশ।

তাদের তথ্যমতে, উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে কানাডা ও অস্ট্রেলিয়ার প্রতিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ কমেছে।

অন্যদিকে এশিয়া ও ইউরোপের (যুক্তরাজ্য ছাড়া) বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে।

স্টাডিপোর্টালস নেদারল্যান্ডসভিত্তিক শিক্ষার্থী নিয়োগ প্ল্যাটফর্ম। নাফসা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক শিক্ষার প্রসারে কাজ করে। আর অক্সফোর্ড টেস্ট অব ইংলিশ পরিচালনা করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।

ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি হতাশ যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দেশটির এক-তৃতীয়াংশের বেশি প্রতিষ্ঠান আগামী বছরগুলোতে শিক্ষার্থী ভর্তি আরও কমবে বলে আশঙ্কা করছে।

জরিপে দেখা গেছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসার বিধিনিষেধ ও সরকারি নীতিমালা। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, যাচাই-বাছাই কঠোর করা এবং পড়াশোনা শেষে কাজের সুযোগসংক্রান্ত নিয়মে পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন বা পুরোপুরি বাদ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আগ্রহ কমার ঘটনা ঘটছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর পর। তার প্রশাসন শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাইয়ের পরিধি বাড়িয়েছে, হাজারো ভিসা বাতিল করেছে এবং দেশটিতে তারা কত দিন থাকতে পারবেন, সে বিষয়ে নিয়ম আরও কঠোর করেছে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জরিপটি পরিচালিত হয়। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পায় ডেমোক্র্যাটরা। তবে ভিসানীতির বিষয়ে নির্বাহী ক্ষমতা এখনো প্রেসিডেন্টের হাতে রয়েছে।

এদিকে অভিবাসন কমানোর লক্ষ্যে যুক্তরাজ্যেও একের পর এক সরকার স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করেছে। এর অংশ হিসেবে বেশির ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে।

পাশাপাশি, পড়াশোনা শেষে স্নাতকদের কাজ করা বা চাকরি খোঁজার জন্য দেশটিতে থাকার সময়সীমা কমানোর পরিকল্পনাও রয়েছে।

নাফসার নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফান্তা আও বলেন, ‘এই জরিপের ফল আমাদের আগের পর্যবেক্ষণকেই সমর্থন করে। কোথায় পড়াশোনা করবেন, গবেষণা করবেন কিংবা কর্মজীবন শুরু করবেন—এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বিভিন্ন দেশের জাতীয় নীতিমালা অনেক গুরুত্ব বহন করে।’

RELATED ARTICLES

Most Popular