Homeস্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ: হাত মেলানো তো বটেই, কোলাকুলি করতেও রাজী ভারত-পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপ: হাত মেলানো তো বটেই, কোলাকুলি করতেও রাজী ভারত-পাকিস্তান

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে হাত মেলানো নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হলেও ফুটবলে তেমন কিছু হতে দিতে চান না দুই দলের খেলোয়াড়রা। ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হওয়ার আগে একে অপরের সঙ্গে করমর্দনের প্রতিশ্রুতি দিয়েছেন ভারত ও পাকিস্তানের ফুটবলাররা। এমনকি প্রয়োজন হলে প্রতিপক্ষের সঙ্গে কোলাকুলি করার কথাও জানিয়েছেন ভারতের প্রধান কোচ নওশাদ মুসা।

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়, ম্যাচের আগে কিংবা ম্যাচ শেষ হওয়ার পর তারা একে অপরের সঙ্গে হাত মেলাবেন কি না। সাম্প্রতিক সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অন্যান্য খেলায়, বিশেষ করে ক্রিকেটে করমর্দন না করা নিয়ে তৈরি হওয়া বিতর্কিত পরিস্থিতির কারণেই এমন প্রশ্ন ওঠে।

ভারতের অধিনায়ক নাথান রদ্রিগেজ এই বিষয়ে স্পষ্টভাবে ইতিবাচক উত্তর দেন। তিনি বলেন, ‘অবশ্যই, হ্যাঁ। এটা বড় কোনো বিষয় নয়। আমরা তা করব।’

ভারতের কোচ মুসা আরও এক ধাপ এগিয়ে প্রতিপক্ষকে আলিঙ্গন করার কথাও জানান। তিনি বলেন, ‘প্রয়োজন হলে আমরা আনন্দের সঙ্গেই গিয়ে তাদের সঙ্গে কোলাকুলি করব।’

পাকিস্তানের অধিনায়ক আলমগীর গাজীর কাছেও একই প্রশ্ন করা হলে তিনিও ভারতীয়দের অবস্থানের সঙ্গে একমত পোষণ করেন। ক্রিকেটের সঙ্গে ফুটবলের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘না, আমাদের অবস্থানও একই। এটা ক্রিকেট নয়, ফুটবল। আর এই কারণেই ফুটবলকে সুন্দর খেলা বলা হয়। তাই আমরাও একই কাজ করব।’

সাম্প্রতিক সময়ে ক্রীড়াক্ষেত্রে ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না করার ঘটনা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব দেখা গেছে খেলোয়াড়দের মাঠের আচরণেও।

তবে ফুটবলে এবার ভিন্ন এক দৃশ্য দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। দুই দলের খেলোয়াড়দের কথায় স্পষ্ট, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সৌজন্য ও ক্রীড়াসুলভ আচরণ বজায় রাখতে চান তারা।

এখন সব মনোযোগ মাঠের লড়াইয়ের দিকে। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারত-পাকিস্তানের বহুল আলোচিত দ্বৈরথে শেষ পর্যন্ত কারা জয়ী হয়, সেটিই দেখার অপেক্ষা। খেলা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায়।

RELATED ARTICLES

Most Popular