কাজের লোভ দেখিয়ে গত ৩ নভেম্বর ৮ নির্মাণশ্রমিককে কক্সবাজার শহর থেকে সীমান্ত উপজেলা টেকনাফে নিয়ে যান একজন। সিএনজিচালিত দুটি অটোরিকশা ব্যবস্থা করে তাদের নেওয়া হয় বাহারছড়ার কাছে একটি বাড়িতে। বলা হয় পরদিন থেকে কাজ শুরু হবে।
কিন্তু পরে ওই শ্রমিকদের অস্ত্রের মুখে একটি সুপারি বাগানের পাশে টিনশেড বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাদের চোখ বেঁধে, কোমরে দড়ি লাগিয়ে পাহাড়ের গহীনে নেওয়া হয়।
একপর্যায়ে তারা বুঝতে পারেন যে তাদের অপহরণ করা হয়েছে। তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে মারধর করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী এক শ্রমিক দ্য ডেইলি স্টারকে জানান, সশস্ত্র ব্যক্তিদের দেখে ১২-১৩ বছর বয়সী কিশোর মনে হয়েছে।
এ ঘটনায় করা মামলায় আসামিদের তালিকায় ১৫ বছর বয়সী এক কিশোরের নামও রয়েছে।
ভুক্তভোগী ওই শ্রমিক আরও জানান, অপহরণকারীরা বলেছে তাদের টেকনাফ নিয়ে গিয়েছিল সোহেল। তিনি তাদের জনপ্রতি ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
অস্ত্রধারীরা তাদের দুটি শর্ত দিয়েছিল। হয় অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়া, এতে জনপ্রতি সাড়ে ৩ লাখ টাকা দিতে হবে। অথবা বাড়ি ফিরতে চাইলে দিতে হবে ৪ লাখ টাকা।
‘আমরা কাজের জন্য গিয়েছিলাম। কখনোই মালয়েশিয়া যেতে চাইনি,’ বলেন ওই শ্রমিক।
গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা রোহিঙ্গা ক্যাম্পের প্রায় তিন কিলোমিটার পশ্চিমে নুরালিপাড়া পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ৫৬ জনের মধ্যে তিনিও ছিলেন। ওই অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন।
গত দুই দিনে ভুক্তভোগী, স্থানীয় সূত্র ও কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং পুলিশের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে—পাচারকারী, পরিবহনকারী, সশস্ত্র পাহারাদার ও ট্রলার চালকদের একটি চক্র মালয়েশিয়া যেতে ইচ্ছুক রোহিঙ্গা ও কাজের প্রলোভনে পড়া বা অপহৃত বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায় করছে।
তবে এই চক্র কেউ এককভাবে নিয়ন্ত্রণ করছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার হয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার ৫৩৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই রোহিঙ্গা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার শিকদার দ্য ডেইলি স্টারকে জানান, ৫ নভেম্বর উদ্ধার ৫৬ জনের মধ্যে মাত্র ৫ জন ছিলেন রোহিঙ্গা।
পুলিশের নথি অনুযায়ী, উদ্ধার ব্যক্তিদের বাড়ি টেকনাফ, উখিয়া, চট্টগ্রাম, বান্দরবান ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
কাউছার শিকদার বলেন, ‘আমরা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের সন্দেহভাজনদের ওপর নজরদারি করি। ক্যাম্পের বাইরের ঘটনাগুলো মূলত স্থানীয় পুলিশ দেখে।’
এদিকে, মেরিন ড্রাইভ এলাকায় পুলিশের নিয়মিত অভিযানের কারণে মানবপাচার কমে এসেছে বলে দাবি টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের।
পেকুয়ার রাজাখালীর রাজমিস্ত্রি রাকিব হোসেন ডেইলি স্টারকে জানান, কক্সবাজারে তিনি ও তার সহকর্মী বাবুল দৈনিক ৭০০ টাকা মজুরিতে কাজ করতেন। আতাউল্লাহ নামের একজন টেকনাফে আরও ভালো বেতনের কাজের প্রস্তাব দিলে তারা রাজি হন।
যৌথ অভিযানের ৫ দিন আগে তারা টেকনাফে যান। রাকিব জানান, পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করলে অস্ত্রধারীরা তাদের মারধর করে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, অপহরণকারীরা দাবি করে যে তাদের ১ লাখ টাকায় বিক্রি করা হয়েছে এবং ছেড়ে দিতে ২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
উদ্ধার ব্যক্তিদের ভাষ্য, আটক অবস্থায় তাদের নিয়মিত মারধর করা হতো এবং দিনে দুবার অল্প ভাত-ডাল দিয়ে খেতে দেওয়া হতো।
রাকিব সেখানে ৩০-৪০ জনকে বন্দি অবস্থায় দেখেছিলেন। পরে আরও লোকজনকে সেখানে আনা হয়।
যেভাবে কাজ করে এ চক্র
রোহিঙ্গা ক্যাম্পের দুটি ও টেকনাফের স্থানীয় একটি সূত্র জানায়, নিয়োগকারীরা মূলত ‘ইনফ্লুয়েন্সার’ বা প্ররোচনাকারী হিসেবে কাজ করে। তারা রোহিঙ্গাদের চাকরি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ক্যাম্পের বাসিন্দাদের মালয়েশিয়া যেতে উদ্বুদ্ধ করে।
সূত্র জানায়, এই নিয়োগকারীরা জনপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকা পায়। ক্যাম্প থেকে বের হওয়ার পর মধ্যস্থতাকারীরা তাদের পরিবহন ও থাকার ব্যবস্থা করে।
নিয়োগ চক্রে ক্যাম্পে বসবাসকারী নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা অবিবাহিত তরুণীদের বিয়ের প্রলোভন দেখিয়ে সাগরপথে মালয়েশিয়া যেতে রাজি করান।
সূত্রমতে, কয়েকজন অটোরিকশা চালকও এর সঙ্গে যুক্ত আছেন। তারা ভুক্তভোগীদের নির্জন স্থানে পৌঁছে দেওয়ার জন্য প্রতি ট্রিপে প্রায় ২০ হাজার টাকা পান। সেখান থেকে অস্ত্রধারীরা হেফাজতে নেয় ভুক্তভোগীদের।
উদ্ধার এক শ্রমিক জানান, অপহৃতদের মধ্যে স্বেচ্ছায় বিদেশে যেতে ইচ্ছুকদের আলাদা করা হয়।
তার দাবি, স্বেচ্ছায় বিদেশে যেতে আগ্রহীরা অভিযানের সময় পালিয়ে যায়। এ কারণে শুধু জোরপূর্বক ধরে আনা ৫৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
ওই শ্রমিকের ধারণা, সেখানে শতাধিক বন্দি ছিল।
সূত্র জানায়, রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশি মধ্যস্থতাকারীরা আলাদা আলাদা ভূমিকা পালন করে। স্থানীয় চক্রটি পরিবহনের ব্যবস্থা করা, টাকা সংগ্রহ এবং পাহাড়ে সশস্ত্র আস্তানা রক্ষণাবেক্ষণের কাজ করে।
সাগরে নেওয়ার আগে ভুক্তভোগীদের আটকে রাখার জন্য টেকনাফের পাহাড়ে তাদের একাধিক আস্তানা রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় কায়ুকখালী ট্রলার মালিক সমিতির সভাপতি সাজিদ আহমেদ ডেইলি স্টারকে জানান, পাচারকারীরা শামলাপুরের মতো পয়েন্ট থেকে সাম্পানে মানুষজনকে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে তুলে দেয়।
চট্টগ্রাম ও কক্সবাজারের বড় ট্রলারগুলো রাত ২-৩টার দিকে তাদের তুলে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলার প্রস্তুত না হওয়া পর্যন্ত যাত্রীদের বাড়ি বা পাহাড়ে আটকে রাখা হয়।
রোহিঙ্গাদের কয়েকটি সূত্র জানায়, পাচারের রুট হিসেবে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে (আকিয়াব) হয়ে এবং সরাসরি সমুদ্রপথে থাইল্যান্ডের দিকে যাওয়া হয়।
তাদের দাবি, মিয়ানমারের ভেতরে ভুক্তভোগীদের হস্তান্তরের সময় আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও যুক্ত থাকে।
যদিও ডেইলি স্টার স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
সূত্র জানায়, সিত্তে থেকে স্থল বা সমুদ্রপথে তাদের থাই সীমান্তের দিকে নেওয়া হয়। সমুদ্রপথে যেতে ৩-৪ দিন এবং স্থলপথে প্রায় দুই সপ্তাহ সময় লাগে।
স্বেচ্ছায় যেতে ইচ্ছুকদের কাছ থেকে ৩-৪ লাখ টাকা নেওয়া হয়। এর মধ্যে টেকনাফ ছাড়ার আগে প্রায় ১ লাখ টাকা নেওয়া হয় এবং বাকি টাকা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে পৌঁছে দাবি করা হয়।
অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তরের আগে মুক্তিপণের জন্য মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা আদায় করা হয়। আর অপহৃত শ্রমিকদের ক্ষেত্রে এই রুটগুলো চাঁদাবাজির মাধ্যমে পরিণত হয়। অনেক সময় একবার টাকা দেওয়ার পরও নতুন করে আরও টাকা দাবি করা হয়।
প্রশাসনের পদক্ষেপ
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় ৪৬২টি মানবপাচার মামলা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, পাহাড়ে প্রায় ১০০ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ নভেম্বর যৌথ অভিযান চালানো হয়। অভিযানে রান্নার সরঞ্জাম, মোবাইল ফোন, পাসপোর্ট ও পরিচয়পত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত ৯ নভেম্বর হত্যা, অস্ত্র ও মানবপাচার আইনে তিনটি মামলা হয়েছে।
হত্যা মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৬-১৭ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, খায়রুল আমিন ওরফে সানা উল্লাহ বা সানাইয়ার গুলিতেই সেনাসদস্য তিতাস নিহত হন।
মানবপাচার মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
এসআরবি-১৫ এর তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর পর্যন্ত এসব মামলায় মো. হোসেন ওরফে বোক্কাইন্যাসহ (২০) ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের রঙ্গিখালী ও নোয়াখালী পাহাড়ে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সে সময় তিনি ওই এলাকাগুলোতে নিয়মিত অপহরণের ঘটনা ঘটছে বলে স্বীকার করেছিলেন।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত সংক্রান্ত অপরাধ ঠেকাতে বিজিবি কাজ করছে। গত ৭ নভেম্বর দক্ষিণ লম্বরী ঘাট থেকে বিজিবি আরও ৯ জনকে উদ্ধার করেছে।
কাটছে না ঝুঁকি
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সভাপতি খিন মং বলেন, প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা এবং কর্মসংস্থানের অভাব ক্যাম্পের বাসিন্দাদের সহজ শিকারে পরিণত করছে।
তার মতে, বেকার রোহিঙ্গা যুবকদের একটি অংশ টাকার লোভে অপরাধ চক্রে জড়িয়ে পড়েছে।
ক্যাম্পে আরও উন্নত নিরাপত্তা, জীবিকার সুযোগ এবং প্রত্যাবাসনের একটি স্পষ্ট রূপরেখা তৈরির আহ্বান জানান তিনি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ৫০০ জনের বেশি রোহিঙ্গা সমুদ্রপথে যাত্রার চেষ্টা করেছেন। তাদের মধ্যে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে।
ইউএনএইচসিআর এবং আইওএমের যৌথ সভাপতিত্বে পরিচালিত অ্যান্টি-ট্রাফিকিং ওয়ার্কিং গ্রুপ ২০২৫ সালে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সাথে জড়িত ৪০৭টি মানবপাচারের ঘটনা শনাক্ত করেছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩১৬টি।
প্রতিবেদনে দেখা গেছে, ৩০ শতাংশ ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর লোকজন ভুক্তভোগীদের প্রলুব্ধ করেছে, আর ৪০ শতাংশ ক্ষেত্রে প্রতিবেশী, পরিচিতজন ও পরিবারের সদস্যদের মাধ্যমেই তারা পাচারকারীদের খপ্পরে পড়েছেন।
