Homeশিক্ষাককটেল আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন ঢাবির আট চীনা শিক্ষার্থী

ককটেল আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন ঢাবির আট চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা আট চীনা শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাওসার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আট শিক্ষার্থীর মধ্যে দুজন ইতোমধ্যে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর দেশে ফিরবেন। নিজ দেশের বিশ্ববিদ্যালয়ের পরামর্শ অনুযায়ী তারাও চীনে ফিরে যাচ্ছেন।

অধ্যাপক কাওসার বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটতে দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এ ঘটনার পরই তারা নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

এই আট শিক্ষার্থী চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে স্বল্পমেয়াদি বাংলা ভাষা কোর্সে অংশ নিতে তারা এসেছিলেন।

এই প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, বাংলা ভাষা শেখার জন্য তাদের বাংলাভাষী দেশে এক বা দুই সেমিস্টার থাকতে হয়। চলতি নভেম্বরের শেষ দিকে তাদের কোর্স ও পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

অধ্যাপক কাওসার জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের আলোচনার পর তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন এবং আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।’

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন সোমবার টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়।

আগের বিস্ফোরণগুলো সন্ধ্যায় ঘটলেও কেউ আহত হননি। তবে মঙ্গলবার ভরদুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণে একজন আহত হন।

RELATED ARTICLES

Most Popular