Homeসারাদেশকুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে গেছে ৫ ঘর

কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে গেছে ৫ ঘর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনায় বাড়ির একটি টিনশেড ঘরের পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১২টা ১৮ মিনিটে ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।

পুলিশ জানায়, টিনশেড যে ঘরটিতে আগুন লেগেছে সেটি নুসরাত তাবাসসুমের দাদার তৈরি। সেখানে কেউ বসবাস করতেন না। ঘরটি মূলত গরু-ছাগল পালন ও পশুখাদ্য রাখার কাজে ব্যবহৃত হতো। সেখান থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের মা-বাবা ও পরিবারের সদস্যরা থাকেন।

এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে এনসিপি।

গতকাল রাতে ঘটনার পর এক ফেসবুক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানান নুসরাত তাবাসসুম। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’

পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে জানতে চাইলে ওসি খালেদুর রহমান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular