বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীর ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচ টমাস ডুলির। তার দৃষ্টিতে, দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এই তারকা মিডফিল্ডারের চেয়ে যোগ্য আর কেউ নেই। মাঠে সতীর্থদের ওপর হামজার ইতিবাচক প্রভাব ও অধিনায়কত্বের প্রশংসায় এমন মন্তব্য করেন তিনি।
জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের ম্যাচে হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন ডুলি। এর আগে মাঝমাঠের রক্ষণাত্মক ভূমিকায় খেললেও ‘এ’ গ্রুপের এই ম্যাচে তাকে খেলানো হয় আক্রমণাত্মক মিডফিল্ডার বা নাম্বার টেন পজিশনে। নতুন ভূমিকায় দারুণ পারফরম্যান্সের পাশাপাশি একটি গোলও করেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও হামজা অধিনায়ক থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি আশা করি, সে যখনই খেলবে, প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করতে চাইবে।’
তবে বাংলাদেশের প্রধান কোচের মতে, অধিনায়কের আর্মব্যান্ড না থাকলেও মাঠে হামজার বিচরণ ও প্রভাব লক্ষণীয়। কারণ, সতীর্থরা এমনিতেই তার কথা অনুসরণ করেন।
ডুলি বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন শুনেছিলাম হামজা অধিনায়ক হতে চায় না। আর সেকারণেই জামাল (ভূঁইয়া) অধিনায়ক ছিল। কিন্তু হামজার অধিনায়ক হওয়ার প্রয়োজনও আসলে নেই। সে যা বলে, বাকি খেলোয়াড়রা এমনিতেই তা অনুসরণ করে। তাই আর্মব্যান্ড তার কাছে গুরুত্বপূর্ণ নয়।’
বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ চোটের কারণে চলমান সাফে এখনও মাঠে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে নেতৃত্ব দেওয়া জামাল শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না। এমন পরিস্থিতিতে হামজা নিজেই অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন।
ডুলি বলেন, ‘রেফারির সঙ্গে কথা বলতে পারে, আমাদের দলে এমন খেলোয়াড় কার্যত একমাত্র সে-ই। মাঠে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এমন একজন খেলোয়াড় দলে থাকা প্রয়োজন।’
শুধু নেতৃত্ব নয়, শ্রীলঙ্কার বিপক্ষে হামজাকে নাম্বার টেন হিসেবে খেলানোর সিদ্ধান্তও ছিল ডুলির কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। হামজার ফুটবলীয় বুদ্ধিমত্তা, পাস দেওয়ার দক্ষতা, গতি ও প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার সামর্থ্য কাজে লাগাতেই তাকে মাঝমাঠের সামনের দিকে খেলান কোচ। পাশাপাশি শমিত সোম ও কাজেম শাহকে দিয়ে মাঝমাঠের নিচের দিকও গোছানো রাখার পরিকল্পনা ছিল ডুলির।
হামজার পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে, ম্যাচে তার মূল্যায়ন করতে গিয়ে পূর্ণ পয়েন্ট দেন ডুলি। হাস্যোজ্জ্বল বাংলাদেশের কোচের ভাষায়, ‘১০! আমার মনে হয়, সে অসাধারণ খেলেছে। আর কী চাইবেন তার কাছে? পাঁচটি গোল করতে হবে?’
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এখন সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছে টুর্নামেন্টের শিরোপাপ্রত্যাশী বাংলাদেশ। আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ওঠার অভিযানে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পাশাপাশি মাঠের নেতা হিসেবেও হামজার ভূমিকা বড় হয়ে উঠতে পারে।
