গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ছয়টি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের মৌচাক অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক টপ স্ট্যান্ড ও সফিপুরের দোকানপাড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক মনজুর মোর্শেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
অবরোধে অংশ নেওয়া কারখানাগুলো হলো লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস। এসব কারখানার প্রায় দুই হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বেতন বাড়ানোর দাবিতে আমাদের আন্দোলন চলছে। শুনেছি বেতন বাড়বে, কিন্তু এখনো বাড়েনি। কবে বাড়বে, তারও কোনো ঠিক নেই। আমাদের একটাই দাবি, বেতন না বাড়ানো পর্যন্ত আন্দোলন চলবে।’
